'শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভায় বক্তব্য দেয় এক ছাত্রী l প্রথম আলো
নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভায় বক্তব্য দেয় এক ছাত্রী l প্রথম আলো

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের ধর্মের সঠিক ব্যাখ্যা জানাতে হবে। তাদের গড়ে তুলতে হবে নৈতিক শিক্ষায়।
চট্টগ্রাম জেলা ও নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল শনিবার এ সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম প্রথম আলোকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে নগর ও জেলার ১ হাজার ১৬০টি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভার আয়োজন করা হয়।
গতকাল সকাল সোয়া ১০টায় বিদ্যালয় মিলনায়তনে সভার আয়োজন করে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এতে বক্তব্য দেয় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. খোরশেদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান, নবম শ্রেণির ছাত্রী প্রযুক্তা প্রেরণা চৌধুরী, আফরোজা নাহরিন প্রমুখ। সভায় ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ ছাড়া গান পরিবেশন করেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য। তিনি গানে গানে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হাওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে, তারা যাতে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয়। সহপাঠী কেউ জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা যেন অভিভাবক ও শিক্ষকদের জানায়।

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভায় গান পরিবেশন করে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো
সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভায় গান পরিবেশন করে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো


এ দিকে নগরের পোস্তারপাড় আছমা খাতুন সিটি করপোরেশন মহিলা কলেজে আয়োজিত সভায় বক্তারা বলেন, যে সব তরুণ-তরুণী ভুল পথে পা বাড়াচ্ছে, তাদের সঠিক পথ ও মতে আনার দায়িত্ব সমাজ, পরিবার ও অভিভাবকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকায় দেশ থেকে জঙ্গিবাদের মূলোৎপাটন হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের পাশাপাশি জনগণেরও দায়বদ্ধতা রয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাভলী মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ, কলেজের পরিচালনা পরিষদের সদস্য দোস্ত মোহাম্মদ ও সেকান্দর মিয়া, শিক্ষার্থীদের
পক্ষে উম্মে আয়মন ও আসফিয়া সুলতানা।
ফতেয়াবাদ ডিগ্রি কলেজে আয়োজিত সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিচ, সিটি করপোরেশনের সাবেক কমিশনার ও নগর আওয়ামী লীগের সদস্য জাফর আলম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী ও জঙ্গিরা জাতি ও ধর্মের শত্রু। একটি কুচক্রী মহল দেশের মেধাবী সন্তানদের পরিকল্পিতভাবে বিপথগামী করছে। এই চক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানদের ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হতে হবে।
এ দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগেও গতকাল বিকেলে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় যে অমানবিক হামলার ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। এ দেশের মানুষ কোনো রকম অন্যায় সহ্য করে না। তাই এ দেশে কোনো দিন জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না।