'শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে মুখ গুঁজে রাখলে হবে না'
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে মুখ গুঁজে রাখলে হবে না। নিজের চারপাশকে দেখা ও অনুধাবন করতে হবে। তরুণদের হাতে ভবিষ্যতের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাই তাদের সৃজনশীল ও মননশীলতায় অনন্য হতে হবে।
‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট (বাংলা) ১৯তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ২১ জানুয়ারি নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সাবেক বিতার্কিক তাহমিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সহকারী সম্পাদক কামরুল হাসান ও দ্য একসেপ্সন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ জালাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভুল থেকে শিখতে পারা জীবনের অনেক বড় শিক্ষা। সেই সঙ্গে একজন বিতার্কিকের সব সময় সত্য বলার সাহস থাকতে হবে। তাই সমাজে সার্বিক পরিবর্তন আনার আগে নিজের পরিবর্তন জরুরি। সবকিছুকে প্রশ্ন করে, যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে।
তঁারা আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমাদের চারপাশে তথ্যেরও অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। মেধা ও যুক্তিকে প্রয়োগ করে সেখান থেকে সঠিক তথ্য আহরণ করতে হবে।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি কর্মকর্তা সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাবের শাহ, বিতর্ক সম্পাদক কাজী আরফাত প্রমুখ।
এবারের প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের ১৪টি স্কুলের ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের বিতর্কের বিভিন্ন ধারা, যুক্তি তৈরি ও খণ্ডন, উপস্থাপনা, উচ্চারণ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।