'শিক্ষার্থীদের সিলেবাসের বাইরে বই পড়ার অভ্যাস গড়তে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল প্রাইমারি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে শিশুরা
ন্যাশনাল প্রাইমারি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে শিশুরা

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘বর্তমানে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে। পড়ার অভ্যাস না থাকলে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তাই তাদের সিলেবাসের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’
মেজবাহ উদ্দিন ২৫ এপ্রিল নগরের বৌদ্ধমন্দির সড়কের ন্যাশনাল প্রাইমারি স্কুলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) অর্থায়নে ‘কিডস রিড’ নামে বিশ্বব্যাপী এই বই পড়া প্রকল্পের অংশ হিসেবে ব্রিটিশ কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রকল্পের অধীনে চট্টগ্রাম ও কক্সবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে গত মার্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক চিত্রকর্ম জমা পড়ে। প্রতি শ্রেণির ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপপরিচালক ম্যাট পুসে, এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ জুবায়ের, চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিলের গ্রন্থাগার তত্ত্বাবধায়ক মাসুদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।