প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শামস্ উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষা হচ্ছে জাতির সোপান। শিক্ষিত মানুষ দেশের সম্পদ। শিক্ষার মাধ্যমে এগিয়ে চলেছে বিশ্ব। বিশ্বায়নের ধারায় থেমে নেই বাংলাদেশও। শিক্ষায় এ দেশের সাফল্য এখন বিশ্বস্বীকৃত।
২৬ মার্চ ফটিকছড়ির মধ্য হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামস্ উদ্দিন আহমদ আরও বলেন, শিক্ষার শিকড় হচ্ছে প্রাথমিক স্তর। সরকার শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণে নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বিল্লাহ। অনুষ্ঠান উদ্বোধন করেন সাংবাদিক ফিরোজ আলম।
বক্তব্য দেন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাসান সরওয়ার আজম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শাহীন আরা বেগম, প্রাক্তন ছাত্র কাজী আহসান ইকবাল, কাজী আহসানুল মোরশেদ প্রমুখ।
অনুষ্ঠানে এ বছর থেকে ওই বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রকল্প চালু করার ঘোষণা দেওয়া হয়। প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রকল্প উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।