‘শিল্পপার্ক গড়ার আগে চাই গ্যাস-বিদ্যুৎ’
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকায় ১৭ হাজার একর জমির ওপর শিল্পপার্ক (বিশেষ অর্থনৈতিক অঞ্চল) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু শিল্পপার্ক গড়ে তোলার আগে উপকূলীয় এলাকায় চার লেন সড়ক, ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন। ৯ মার্চ মিরসরাইয়ের উপকূলীয় এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) সদস্য প্রকৌশলী আবু রেজা খান। এ সময় স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন উপর্যুক্ত মন্তব্য করেন।উল্লেখ্য, এর আগে ৩ মার্চ শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মিরসরাইয়ের উপকূলীয় এলাকা পরিদর্শন করেন।উপকূলীয় এলাকা পরিদর্শনের সময় সাংসদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, শিল্পপার্ক গড়ে তোলা হলে মিরসরাইবাসী লাভবান হবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু শিল্পপার্ক গড়ে তোলার আগে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সেই বিদ্যুৎ মিরসরাইয়ের উপকূলীয় এলাকাতেই উৎপাদন করতে হবে। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ, প্রায় ৫০ মেগাওয়াট মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতে হবে। যাতে পুরো মিরসরাইয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। বাকি ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ শিল্পপার্কের জন্য বরাদ্দ রাখতে হবে। এ ছাড়া পর্যাপ্ত গ্যাসও সরবরাহ করতে হবে। তিনি আরও জানান, শুধু শিল্পপার্কের পণ্য পরিবহনের জন্য প্রয়োজন চার লেনের সড়ক। এসব বিষয়ের ওপর জোর দিয়ে শিল্পপার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। সাংসদ বলেন, যাতে এ তিনটি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হয় সেদিকেই এগোচ্ছে সরকার।প্রকৌশলী আবু রেজা খান জানান, শিল্পপার্ক গড়ে তোলার বিষয়ে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী গত বছরের আগস্টে শিল্পপার্কের জন্য একটি আইন পাস হয়েছে। কিন্তু এখনো এসব বিষয় দেখভাল করার জন্য কোনো কর্তৃপক্ষ গড়ে তোলা হয়নি, কোনো পদায়নও হয়নি। রেজা খান বলেন, এ এলাকা শিল্পপার্কের জন্য আদর্শ। কারণ রাজপথ, রেলপথ ও বন্দর—এসব কাছাকাছি এ এলাকা থেকে।উপকূলীয় অঞ্চল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব, চট্টগ্রাম সমবায় ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আনোয়ার, মিরসরাই পৌরসভার মেয়র মো. শাহজাহান, ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশীদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।