'শিশুদের বেশি বেশি গল্প শোনানো উচিত'
শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন বলেন, ‘একসময় শিশুরা মা, নানি, দাদিদের কাছে গল্প শুনে ঘুমাতে যেত। এখনকার মায়েদের অনেকেই গল্প জানেন না। নিজের সন্তানদের গল্প শোনানোর সময়ও নেই তাঁদের। কিন্তু গল্প মানুষের জীবনকে সমৃদ্ধ করে। তাই আমাদের শিশুদের বেশি বেশি করে গল্প শোনানো উচিত।’
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত কুইজ ও গল্প বলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
ব্রিটিশ কাউন্সিল কাস্টমার সার্ভিস সপ্তাহ উপলক্ষে ১৬ অক্টোবর বিকেলে নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার রফিক টাওয়ারে কাউন্সিল কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাস্টমার সার্ভিস সপ্তাহ পালিত হয় ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত।
ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের সেন্টারের ব্যবস্থাপক নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক হিসেবে আরও ছিলেন বিশদ বাঙলার পরিচালক আলম খোরশেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাস্টমার সার্ভিসের কর্মকর্তা তাসনুভা শারমীন।
কুইজ প্রতিযোগিতা ও গল্প বলা প্রতিযোগিতায় নগরের ডিউপয়েন্ট স্কুল, চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল, আল-হিদাইয়া ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ও লিটল জুয়েলস স্কুলের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।