'শিশুবিবাহ রোধে সরকারের কড়া ব্যবস্থা নেওয়া উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা সাকি
মির্জা সাকি

‘ভবিষ্যতে নিজেকে একজন পদার্থবিজ্ঞানী হিসেবে দেখতে চাই। সে স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতা আমি পরিবার থেকে পাই। কিন্তু স্কুল থেকে সেভাবে সহযোগিতা পাই না।’
কথাগুলো বলছিল দশম শ্রেণির শিক্ষার্থী মির্জা সাকি। সে বরিশালের গৌরনদী উপজেলার একটি বিদ্যালয়ে পড়াশোনা করছে। গত ২ জুলাই কথা হয় তার সঙ্গে।
বয়সে কিশোর একটি মেয়ে দেশের পরিস্থিতি নিয়ে কী চিন্তা–ভাবনা করে, যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে সে কী জানে,ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা কী বা মেয়েদের উন্নয়নে রাষ্ট্রের কী করা উচিত– এই লক্ষ্যে প্রথম আলোর পক্ষ থেকে মির্জা সাকির সঙ্গে কথা বলি।
বিজ্ঞান বিভাগের এই ছাত্রী পদার্থবিজ্ঞানী হওয়ার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে। তবে কিছুটা অনুযোগের সুরে সাকি বলে, ‘স্কুলে ঠিকমতো ব্যবহারিক ক্লাস হয় না। যেগুলো পরীক্ষায় আসতে পারে, শুধু সেগুলোর ওপর ব্যবহারিক ক্লাস হয়। এতে অনেক বিষয় অজানা থেকে যায়। তা ছাড়া ল্যাবে সব ধরনের প্রয়োজনীয় উপকরণ নেই। তাই কাজগুলো ভালোভাবে শেখা হয় না।’ তাই বলে সাকি বসে থাকে না। বাড়িতে সে নিজে নিজেই সমস্ত ব্যবহারিক পরীক্ষা করে থাকে।
মেয়েদের যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে তার কোনো ধারণা আছে কি না কাছে জানতে চাইলে সাকি বলে, ‘ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির পাঠ্যপুস্তকে বিষয়গুলো আছে। তবে স্কুলের শিক্ষকেরা তা পড়ান না। আমি নিজে নিজে এসব বিষয় পাঠ্যপুস্তক থেকে পড়ে নিয়েছি। এতে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। এ ছাড়া আমার স্কুলে এসএমসির উদ্যোগে নতুন দিন প্রকল্পে প্রজননস্বাস্থ্য বিষয়ে প্রায়ই কর্মশালা অনুষ্ঠিত হয়। সেসব কর্মশালায় অংশ নিয়ে আমি প্রজননস্বাস্থ্য সম্পর্কে জানতে পারি।’
সাকির সঙ্গে এরপর কথা হয় বিয়ে নিয়ে। কোন বয়সে তার বিয়ে করার ইচ্ছা জানতে চাইলে সাকি বলে, ‘প্রতিষ্ঠিত হওয়ার পর; যখন কারও ওপর নির্ভরশীল থাকতে হবে না তখন বিয়ে করব।’
‘কেন এ রকম সিদ্ধান্ত নিয়েছ?’
‘পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের অনেক সমস্যা হয়। অল্প বয়সেই তাদের বাচ্চা হয়। সেই বাচ্চা তারা ঠিকমতো লালন–পালন করতে পারে না। এতে বাচ্চাদের অনেক সমস্যা হয়। তারা অসুখে ভোগে। এ ছাড়া অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের পড়ালেখা আর হয় না। তাই আমি আগেভাগে বিয়ে করতে চাই না।’
সাকি আরও বলে, ‘ শিশুবিবাহ রোধে সরকারের কড়া কোনো ব্যবস্থা নেওয়া উচিত। এটা খুব দরকার।’
প্রচলিত ধারার শিক্ষাব্যবস্থা নিয়ে সাকির অভিযোগ অনেক। সে বলে, ‘ আমি চাই বিদেশের মতো সব পড়া ক্লাসেই শেখা হয়ে যাবে। কোনো হোমওয়ার্ক থাকবে না। তা ছাড়া শিক্ষাব্যবস্থা তেমন হওয়া উচিত, যাতে কোচিং বা গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে না হয়।’ শিক্ষার এই দিকটা সরকারের গুরুত্ব দিয়ে ভাবা দরকার বলে মনে করে সাকি।
বাড়ি থেকে সাকির স্কুলের দূরত্ব সাত কিলোমিটার। যাওয়া-আসা মিলিয়ে ১৪ কিলোমিটার। ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাকে স্কুলে যেতে হয়। প্রতিদিন এই পথ পাড়ি দিতে খুব কষ্ট হয় সাকির। সাকি বলে, ‘এত দূর যেতে আমার খুব কষ্ট হয়। বাসায় এসে ক্লান্ত হয়ে যাই। পড়ালেখায় বিঘ্ন ঘটে। তা ছাড়া বর্ষাকালে যাতায়াতে খুব সমস্যা হয়। অনেক সময় বৃষ্টিতে ভিজে যাওয়ায় স্কুলে না গিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে । তবু ভালো স্কুলে পড়ার জন্য এই কষ্টটা করি।’
সাকির মতে, সরকারের উচিত পরিবহনব্যবস্থা উন্নত করা। মেয়েদের যাতায়াত করাটা যাতে সহজ হয়, সে রকম উদ্যোগ নেওয়া। সাকি বলে, ‘আমাদের স্কুলে গাড়ির ব্যবস্থা থাকলে কত ভালো হতো! আমি সহজে স্কুলে যেতে পারতাম। প্রতিটি স্কুলের উচিত নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা। সরকারকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। ’
মেয়েদের উন্নতির জন্য রাষ্ট্রের কোন খাতে বেশি বিনিয়োগ করা উচিত—এ প্রশ্নের জবাবে সাকি বলে, ‘অবশ্যই শিক্ষা খাতে রাষ্ট্রের বেশি বিনিয়োগ করা উচিত। আমাদের দেশের মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। মেয়েদের অনেক বেশি প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটতে হয়।’ একটু থেমে সাকি আবার বলতে শুরু করে, ‘আমি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চাই। সে ক্ষেত্রে পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেক বড় একটি চ্যালেঞ্জ। এ জন্য সরকারকে পৃষ্ঠপোষকতাসহ মেয়েদের জন্য বৃত্তির ব্যবস্থা করতে হবে, যাতে দেশের মেয়েরা বেশি বেশি উচ্চতর শিক্ষা নিতে পারে।’