'শিশুর বিকাশে মায়ের দুধই একমাত্র কার্যকর উপাদান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঁড়ো দুধ শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। শিশুর মস্তিষ্ক ও শরীর গঠনে সহায়ক নয়। এ ক্ষেত্রে মায়ের দুধের কোনো বিকল্প নেই। শিশুর বিকাশে মায়ের দুধই একমাত্র কার্যকর উপাদান বলে প্রমাণিত হয়েছে।
রাঙামাটিতে বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইনের ওপর আয়োজিত এক মতবিনিময় সভায় আলোচকেরা এ কথা বলেন।
২০ এপ্রিল সকাল ১০টায় রাঙামাটির সিভিল সার্জনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। সভায় চিকিৎসক, নার্স, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকেরা অংশ নেন।
সভায় শিশু খাদ্যবিষয়ক আইন সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ধারণা দেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রতিনিধি আকরাম হোসেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন গুঁড়ো দুধ কোম্পানি আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে শিশুদের গুঁড়ো দুধ খাওয়ানোর বিষয়ে মায়েদের প্রলুব্ধ করছে। এসব লোভনীয় বিজ্ঞাপন দেখে মায়েরা গুঁড়ো দুধ খাইয়ে শিশুদের ভবিষ্যৎ নষ্ট করছেন।
রাঙামাটি সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা বলেন, মায়ের দুধের বিকল্প নেই। তাই শিশুকে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। তিনি মায়ের দুধের বিকল্প হিসেবে গুঁড়ো দুধ খাওয়ানোর পরামর্শ না দিতে চিকিৎসকদের অনুরোধ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেবী ত্রিপুরা ও রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মংক্যচিং সাগর।