'শীতের মইধ্যেই একদিন মইরা যামু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধে এমনিতেই কাজ নেই। তার ওপর এখন কনকনে ঠান্ডার দাপট। কষ্ট বাড়ল ছিন্নমূল মানুষের।  ছবিটি গত বুধবার সকালে লালদীঘির পার থেকে তোলা  সৌরভ দাশ
হরতাল-অবরোধে এমনিতেই কাজ নেই। তার ওপর এখন কনকনে ঠান্ডার দাপট। কষ্ট বাড়ল ছিন্নমূল মানুষের। ছবিটি গত বুধবার সকালে লালদীঘির পার থেকে তোলা সৌরভ দাশ

ভিক্ষা করে পেট চালান মনু মিয়া। কয়েক দিন ধরে দিনের বেলাটা কাটছে ক্ষুধার কষ্টে আর রাতে টের পাচ্ছেন শীতের কামড়। পৌষের এই শীতেও তাঁর সম্বল একটি ছেঁড়া কাঁথা। প্রথম আলোকে তিনি বলেন, ‘গরিবের জন্য এ দুনিয়ায় কেউ নাই। আল্লাহ কপালে রাখলে বাঁচমু, আর না হইলে শীতের মইধ্যেই একদিন মইরা যামু।’
মো. আলী। বয়স আনুমানিক ৬০ বছর। দুই বছর আগে পেটের দায়ে নোয়াখালী থেকে চট্টগ্রামে আসেন। স্ত্রী মারা গেছেন পাঁচ বছর আগে। ছেলেমেয়েরা যে যার সংসার নিয়ে ব্যস্ত। দুই বেলা খাবার জোগাড় করতে এই বয়সেও চট্টগ্রাম রেলস্টেশন ও রেয়াজউদ্দিন বাজারে মালামাল বহনের কাজ করতে হয় তাঁকে। রাতে রেলস্টেশন অথবা ফুটপাতে ঘুমিয়ে পড়েন। কিন্তু গত দুই মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে কাজের অভাবে না খেয়ে মরার দশা তাঁর। এর সঙ্গে খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে শীতের কষ্ট।
মো. আলী বা মনু মিয়াই নন, অসংখ্য ছিন্নমূল মানুষের এখন একই অবস্থা। পৌষ মাসের শুরুতেই চট্টগ্রামে জেঁকে বসছে শীত। রাত নেমে এলেই তাপমাত্রা দুই-তিন ডিগ্রি নেমে যাচ্ছে। ছিন্নমূল মানুষগুলোর জীবনে এমনিতেই অভিশাপ হিসেবে দেখা দিয়েছে চলমান রাজনৈতিক অস্থিরতা। তার সঙ্গে শীতের তীব্রতা বাড়তে থাকায় তাঁদের দুর্দশাও বেড়েছে। নগরে রাত বাড়লেই রাস্তায়, ফুটপাতে শীতে জবুথবু মানুষগুলোর দেখা মিলছে। খড়কুটো জ্বালিয়ে কিছুটা উত্তাপ নেওয়ার চেষ্টাও চোখে পড়ছে কোথাও কোথাও।
আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয়ের কর্মকর্তারা জানান, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রামে শীতের তীব্রতা এখনো কম। গতকাল বুধবার চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, এবার কতগুলো শৈত্যপ্রবাহ চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যাবে, তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। তবে এ মাসের শেষ দিকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে চট্টগ্রামের ওপর দিয়ে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃদু শৈত্যপ্রবাহ বলতে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়। আর ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামলে সেটিকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। গত বছর চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এবারও যদি তাপমাত্রা এ পর্যায়ে নেমে যায়, তবে ছিন্নমূল মানুষের দুর্দশা যে আরও বাড়বে।