‘শুদ্ধ সংগীতচর্চার জন্য প্রশিক্ষণ দরকার’
‘শুদ্ধ সংগীতচর্চার জন্য প্রশিক্ষণ ও নিবিড় অনুশীলন দরকার। এ ব্যাপারে সংগীতের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি সংগীতবিষয়ক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে।’ পক্ষকালব্যাপী সংগীত প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এই ক্যাম্প পরিচালনা করে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত ১৯ মে বসেছিল সংগীতভুবনের প্রিয়মুখগুলোর মিলনমেলা। অতিথি, আলোচক, প্রশিক্ষক, শিশুশিল্পী, অভিভাবক আর দর্শকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, শিল্পী নাদেরা বেগম ও হাসান মাহমুদ। সভাপতিত্ব করেন ওস্তাদ মিহির নন্দী। মুহুমুর্হু করতালির মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের হাতে অতিথিরা তুলে দেন সনদপত্র। পক্ষকালব্যাপী ক্যাম্পে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৫২ জন প্রশিক্ষণের সুযোগ পেয়েছিল এবার। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল তাদের পরিবেশনা, মুক্তিযুদ্ধভিত্তিক স্বদেশ পর্যায়ের গীতিআলেখ্য। শুরুতে পরিবেশন করা হয় ইমন রাগে খেয়াল। পরিচালনায় ছিলেন প্রশিক্ষক স্বর্ণময় চক্রবর্তী। মিহির নন্দীর পরিচালনায় রবীন্দ্রনাথের দুটি গান ‘ও আমার দেশের মাটি’ ও ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’ গেয়ে আসর মাত করেন প্রশিক্ষণার্থীরা। এরপর ছিল জয়ন্তী লালার পরিচালনায় নজরুলসংগীত—‘নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম’ ও ‘শ্যামল বরণ বাংলা মায়ের’ এবং মোস্তফা কামালের পরিচালনায় ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ ও ‘মুক্তির মন্দির সোপানতলে’। সবশেষে ছিল আবদুর রহিমের পরিচালনায় লোকসংগীত ‘আমার দেশের মতন দেশটি কোথাও আছে’ এবং ‘ওরে ও বাংলাদেশের মাঝি ভাই’।প্রায় সব পরিবেশনায় প্রশিক্ষণার্থীরা ছিল স্বচ্ছন্দ। তবলায় ছিলেন রাজীব চক্রবর্তী ও পলাশ দেব।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দীপেন চৌধুরী।