'শুদ্ধ হও আপন আলোয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে আবৃত্তি করছেন এক শিল্পী
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে আবৃত্তি করছেন এক শিল্পী

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, জয় গোস্বামী। না, এখানেই শেষ নয়। তালিকাটা আরও দীর্ঘ। সন্ধ্যাটা যেন সত্যিই কবিতাময় হয়ে উঠেছিল। ২০ অক্টোবর নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা দর্শককে নিয়ে গেলেন ভালো লাগার অন্য স্তরে।
সন্ধ্যা সাতটায় ‘শুদ্ধ হও, আপন আলোয়’ শিরোনামে শুরু হওয়া এ অনুষ্ঠানে আবৃত্তি করেন নির্বাচিত শিল্পীরা। আয়োজনে অংশ নেন নবীন আবৃত্তিশিল্পী মিঠু তলাপাত্র, সাইদুর রহমান, স্বপ্নিল বড়ুয়া, হুমায়রা তাবাসসুম ও আমন্ত্রিত আবৃত্তিশিল্পী আয়েশা হক।
আয়োজনের উদ্বোধন করেন শিক্ষাবিদ আনোয়ারা আলম। আবৃত্তিশিল্পী সেঁজুতি দের সঞ্চালনায় আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে আনোয়ারা আলম বলেন, ‘কবিতা ও আবৃত্তি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। তাই আপন আলোয় শুদ্ধ হতে চাইলে আমাদের বারবার কবিতার কাছেই যেতে হবে।’
আসরে আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী আয়েশা হক। তিনি আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কৃপণ’, অচিন্ত কুমার সেনগুপ্তের ‘ছন্নছাড়া’, সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভিতর’, কাজী নজরুল ইসলামের ‘পথিক তুমি পথ হারাইয়াছো’ ও বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘তিন পাহাড়ের গান’ কবিতা।
আয়োজনের শুরুতে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী হুমায়রা তাবাসসুম। তিনি পরিবেশন করেন আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তীর কথা বলছি’, শামসুর রাহমানের ‘বাজান গো’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুপ্রভাত’, কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ ও সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন’। আবৃত্তিশিল্পী হুমায়রা তাবাসসুমের পর মঞ্চে আবৃত্তি নিয়ে আসেন আবৃত্তিশিল্পী সাইদুর রহমান। তিনি পরিবেশন করেন কায়েস আহমেদের ‘কুষ্ঠব্যাধী’ কবিতাটি। এরপর তিনি একে একে আবৃত্তি করেন জয় গোস্বামীর ‘টিউটোরিয়াল’, শুভ দাশগুপ্তের ‘ছুটি’, আবুল হাসানের ‘আমি অনেক কষ্টে আছি’ ও হেলাল হাফিজের ‘যাতায়াত’। সাইদুরের পর আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মিঠু তলাপাত্র ও স্বপ্নীল বড়ুয়া। তাঁরা আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কুয়ার ধারে’, ‘বোঝাপড়া’, সুবোধ সরকারের ‘দুব্বো’ ও ‘রূপম’, তারাপদ রায়ের ‘গরীবগঞ্জের রূপকথা’, মো. সাদিকের ‘উদ্বাস্তু’সহ বেশ কিছু কবিতা।