ব্রিটিশ কাউন্সিলের বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
'শুধু প্রতিযোগিতা নয়, জানার জন্য বই পড়তে হবে'
শুধু প্রতিযোগিতা নয়, জানার জন্য বই পড়তে হবে। জীবনে এগিয়ে যেতে হলে জ্ঞানার্জন খুবই জরুরি। বই পড়ার অনাগ্রহের কারণে অনেক শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক পরীক্ষায় ভালো ফলাফল করলেও তাদের প্রকৃত জ্ঞান বাড়ছে না। ওয়ার্ল্ড বুক ডে উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ৩১ মে ‘সি’ গ্রুপে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ‘সি’ গ্রুপে এই কলেজ থেকে পুরস্কার অর্জন করে সামিরা ইসলাম, মো. মর্তুজা নেওয়াজ ও অংকন দেব।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহ জোবায়ের হোসেনের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের পাঠাগার কো–অর্ডিনেটর মাসুদুল আলম, সুপ্রভাত বাংলাদেশ-এর জ্যেষ্ঠ সহসম্পাদক প্রবীর বড়ুয়া, চট্টগ্রাম বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ নাসির হাসান, প্রশাসনিক উপদেষ্টা সাজ্জাদ উদ্দিন, রসায়ন বিভাগের প্রভাষক মাঈন উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ই-বুক আর মুদ্রিত বইয়ের অনুভূতির মধ্যে পার্থক্য আছে। মুদ্রিত বই যে মমতা দিয়ে পড়া যায় ই-বুক পড়ার সময় সেই অনুভূতি পাওয়া যায় না। তাই মুদ্রিত বইয়ের চাহিদা চিরকালই থেকে যাবে। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। উল্লেখ্য, ওয়ার্ল্ড বুক ডে ২০১৫ উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত বই পড়া প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে সারা দেশে মোট ১৫টি পুরস্কারের মধ্যে তিনটি অর্জন করে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি