‘শুধু বলছিলাম, বাঁচান আমাকে বাঁচান’
‘চিনচিনে ব্যথাটা কোমর থেকে বাঁ পায়ের পাতা অবধি ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকে। তখন সবকিছু অসহ্য মনে হয়। যন্ত্রণায় এপাশ-ওপাশ করতে থাকি। কাতরাতে কাতরাতে নিজের অজান্তে মুখ দিয়ে গোঙানি বেরিয়ে পড়ে। যেন শরীরের ভেতর স্প্লিন্টারগুলো বিদ্রোহ করছে।’ মুখে যন্ত্রণার ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন সংরক্ষিত আসনের সাংসদ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন। ২০০৪ সালের ২১ আগস্ট তত্কালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।সেদিন অনেকের সঙ্গে প্রাণ হারিয়েছিলেন আওয়ামী লীগের তত্কালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভী রহমান। জনসভায় তিনি আসমা জেরিনের পাশেই ছিলেন। বর্বর সেই হামলা থেকে প্রাণে বাঁচলেও আজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন আসমা জেরিন।বাঁ হাতের কব্জিতে গেঁথে থাকা একটা স্প্লিন্টার দেখালেন। কব্জির ওই অংশের চামড়াটা গুটির মতো সামান্য উঁচু হয়ে ফুলে আছে। বাঁ পায়ের হাঁটুতে আছে চারটা। ওই পায়ের বৃদ্ধাঙ্গুল এখন আর নাড়াতেই পারেন না। আঙুলটায় এখনো পনেরোটা স্প্লিন্টার লুকিয়ে আছে। ডান পায়ের ঊরুতেও আছে একটা। সারা শরীরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্প্লিন্টারগুলো তীব্র যন্ত্রণা দেয়। বেশি হাঁটাচলা করলে ব্যথা আসে গায়ে। গরম পানিতে পা ডুবিয়ে রাখেন তখন। গরমের সময় সেই গরম পানিও অসহ্যবোধ হয়। এবার পনেরো আগস্টে জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়েছিলেন আসমা জেরিন। কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রাতে বাসায় ফিরে প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে পড়েন। স্প্লিন্টারগুলো চামড়ার নিচে ভেসে উঠলে অস্ত্রোপচার করে অপসারণের পরামর্শ দিয়েছেন চিকিত্সক। গ্রেনেড হামলার নয় দিন পর কলকাতার একটি হাসপাতালে চিকিত্সা নিয়েছিলেন। ভয়াল সেই দিনের স্মৃতিচারণা করতে গিয়ে চোখে পানি চলে আসে আসমা জেরিনের। ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সেদিন। বিকেলে শেখ হাসিনা জনসভায় ভাষণ দেওয়ার কথা। পরে সেখান থেকে বের হবে শোভাযাত্রা। জনসভায় একটি ট্রাককে মঞ্চ বানানো হয়েছিল। সেই মঞ্চের পাশেই দাঁড়িয়েছিলেন আসমা জেরিন। তাঁর পাশে আইভী রহমান। শেষ বিকেলের প্রচণ্ড রোদে দরদর করে ঘামছিলেন সবাই। সূর্যটাও সেদিন যেন আকাশ থেকে আগুন ঢেলে দিচ্ছিল। এমন সময় নেত্রী মঞ্চে উঠলেন। আইভী রহমানের কানের কাছে মুখ নিয়ে জরুরি কিছু কথা সারলেন আসমা জেরিন। ‘কথা শেষে আইভী আপা আমাকে একটা চাপড় দিয়ে বললেন, “ঝুমু, বাসায় আসিস।” এটুকু বলে আপা এক-দুই কদম সামনে বাড়লেন। ঠিক তখন জননেত্রী শেখ হাসিনা ‘জয়বাংলা’ বলে স্লোগান দিলেন। স্লোগানের আওয়াজটা মিলিয়ে যায়নি তখনো। এমন সময় বিকট একটা আওয়াজ হলো। আইভী আপা ছিটকে এসে পড়লেন। অজ্ঞান হওয়ার আগে ওই দৃশ্যটাই শুধু মনে আছে।” আসমা জেরিনের দাবি, জীবদ্দশায় আইভী রহমানের সঙ্গে সেটাই ছিল তাঁর শেষ কথা।তারপর কতক্ষণ এভাবে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে ছিলেন মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলেন, চারদিকে রক্তমাখা অসংখ্য জুতা-স্যান্ডেল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। রক্তাক্ত অনেকে মুখ থুবড়ে পড়ে আছেন। চারদিকে যেন রক্তগঙ্গা। কানে চিত্কার-চেঁচামেচির আওয়াজ ভেসে আসছিল। আসমা জেরিন তখন ঘটনার ভয়াবহতা টের পাননি। ভেবেছিলেন ককটেল বিস্ফোরিত হয়েছে। দাঁড়ানোর চেষ্টা করলেন। কিন্তু বাঁ পাটায় কোনো বল পাচ্ছেন না। অবশ হয়ে আছে সেটা। ঠিক তখনই আরেকটা বিস্ফোরণের শব্দ হলো। চোখের সামনে দেখতে পেলেন তাঁর মুখ থেকে কী যেন একটা উড়ে যাচ্ছে। পরে জেনেছিলেন, নিচের পাটির সামনের দিকের দাঁত ছিল ওইটা। ‘উপুড় হয়ে পড়ে থেকে হাত নাড়ছিলাম। কানে কিছুই শুনতে পাচ্ছিলাম না। শুধু বলছিলাম, বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আমার সেই চিত্কার আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না।’ পরে কয়েকজনের সহায়তায় সেখান থেকে সোজা হাসপাতালে। নয় বোন, তিন ভাইয়ের মধ্যে আসমা জেরিন দ্বিতীয়। ছোট ভাই মুক্তার সরদারও সেদিনের সেই জনসভায় ছিলেন। তিনিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। একটা স্প্লিন্টার তাঁর মাথার পেছন ঘেঁষে বেরিয়ে যায়। সেটার জন্য আজও ভুগছেন মুক্তার সরদার।আসমা জেরিনের পরিবার চার প্রজন্ম ধরে রাজনীতির সঙ্গে জড়িত। এখনো বিয়ে করেননি তিনি। বিগত জোট সরকারের আমলে, দেশে জরুরি অবস্থা চলাকালে আসমা জেরিন স্প্লিন্টারবিদ্ধ শরীর নিয়েই মিছিল-মিটিং করেছেন। ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নেত্রী আমাকে ডেকে সাংসদ বানালেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন থেকে নির্বাচন করতে বলা হয়েছিল আমাকে। আমি করিনি।’সেদিনের জনসভায় না থাকলে জীবনটা অন্য রকম হতে পারত কি না—এমন প্রশ্নের জবাবে আসমা জেরিন জানান, পুরো জীবনটাই তিনি দেশ, রাজনীতি ও দলের জন্য উত্সর্গ করে দিয়েছেন। সেখানে ব্যক্তিগত পাওয়া না-পাওয়ার হিসাব মেলান না আর।— আবুল হাসনাত