শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ২৫ এপ্রিল টেকনাফে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সরকার, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ব্র্যাকের সহযোগিতায় হিতৈষী বাংলাদেশ টেকনাফ শাখা এ কর্মসূচির আয়োজন করে।দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ম্যালেরিয়া রোধে বিনিয়োগ ও সাফল্য ধরে রাখি: জীবন বাঁচাই।’ এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতাউর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দীন। স্বাগত বক্তব্য দেন হিতৈষী বাংলাদেশ টেকনাফ শাখার ব্যবস্থাপক মো. তোজাম্মেল হোসেন। বক্তব্য দেন পৌর কাউন্সিলর রুবিনা আক্তার।ইউএনও বলেন, ‘টেকনাফ একটি ম্যালেরিয়াপ্রবণ এলাকা। শুধু মশারি টানিয়ে ম্যালেরিয়া প্রতিরোধ সম্ভব নয়। এ রোগ থেকে রক্ষা পেতে হলে আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশা প্রজননের ক্ষেত্র খুঁজে ধ্বংস করতে হবে।’সভাশেষে ম্যালেরিয়া রোগী শনাক্তকরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।