‘শেষ মুহূর্তটিও যেন মঞ্চেই কাটে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৬ সাল থেকে নাটকের সঙ্গে যুক্ত সনজীব বড়ুয়া। জীবনের শেষ দিন পর্যন্ত নাটকই করতে চান। তাঁর অভিনীত অনেক নাটকের একটি নিবারণের স্বপ্ন স্বদেশ। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক এই নাটকের প্রধান চরিত্র নিবারণ মাস্টার এক সংকটময় মুহূর্তে বলেন, ‘আমি এ গ্রাম ছেড়ে কোথাও যাব না কালী দা, এখানেই আমার মরণ হোক, এটাই আমার শেষ ইচ্ছা।’ সেই সংলাপের সূত্র ধরে সনজীব বড়ুয়া বললেন, ‘নিবারণের ভাষায় বলতে চাই, মঞ্চেই আমার মরণ হোক, এটাই আমার শেষ ইচ্ছা।’ সত্তরের দশকের মধ্যভাগে সনজীব বড়ুয়া যখন নাটকের সঙ্গে যুক্ত হন, তখন নাট্যকলা শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। কাজ করতে করতেই যা কিছু শিখেছেন, অনেকটা গাইতে গাইতে গায়েন হওয়ার মতো। নাটকের জন্য স্বপ্ন যেমন ছিল, তেমনি ছিল আবেগ। সেই স্বপ্ন আর আবেগের জোরেই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নাটক নিয়ে এত দূর আসতে পেরেছেন সনজীব বড়ুয়া। কথা প্রসঙ্গে জানালেন, সেই সময় মঞ্চে নাটক চালিয়ে যাওয়াটা বেশ কঠিন ছিল। অভিনয়ের জন্য মেয়ে পাওয়া সহজ ছিল না। এখন তো অনেকেই আসছেন। আবার কেউ কেউ প্রশিক্ষণও নিয়ে আসছেন। সে সময় যাঁরা নাটকে এসেছেন, তাঁদের প্রধান পুঁজি ছিল এই মাধ্যমের প্রতি ভালোবাসা। তিনি বলেন, ‘এখন সুযোগ-সুবিধা অনেক বেড়েছে, তবে যে বাণী বুকে ধারণ করে আমরা গ্রুপ থিয়েটার আন্দোলনে নেমেছিলাম, তার অনেকটা চোরাবালিতে হারিয়ে গেছে। থিয়েটার নিয়ে আমাদের যে স্বপ্ন ছিল তার বেশির ভাগই অপূর্ণ থেকে গেল। তবে এখনো আমরা সেই স্বপ্ন লালন করি। স্বপ্ন ছাড়া বাঁচব কী করে? ’তাঁর প্রথম অভিনীত নাটক গফুর-আমিনা সংবাদ। গণায়ন নাট্যসম্প্রদায়ের সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন। ১৯৭৮ সালে যুক্ত হন অঙ্গন থিয়েটার ইউনিটের সঙ্গে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক—বাংলাদেশের প্রথম পথনাটক যায় দিন ফাগুন দিন, বাজল রাজার বারোটা, মহেশ, বর্ণবিপর্যয়, অভ্যন্তরীণ খেলাধুলা, জুতা আবিষ্কার। নিজের দল ছাড়াও অভিনয় করেছেন ফলাফল নিম্নচাপ, গোধূলির আলো, পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তধারাসহ বেশ কিছু নাটকে। সমরেশ বসুর গল্প নিয়ে জিয়াউল হকের পরিচালনায় আদপ নামের একটি শর্ট ফিল্মেও কাজ করেছেন।অভিনয় ছাড়াও সনজীব বড়ুয়া নাটক লিখেছেন এবং নির্দেশনাও দিয়েছেন। তাঁর লেখা নাটকের মধ্যে বাজল রাজার বারোটা, মহারাজ অসুস্থ, বিদেশি নাটক অবলম্বনে পাথর প্রতিমা, জোড় কবরের পালা গান, একদিন প্রতিদিন দর্শকনন্দিত হয়েছে। আবদুল্লাহ আল মামুনের অরক্ষিত মতিঝিল, হুমায়ূন আহমেদের মহামানব, রবিউল আলমের বিপক্ষে বন্দুক নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি।সত্তরের দশকের তুখোড় ছড়াকার ও কবি সনজীব বড়ুয়া নাটকের প্রেমে পড়ে কবিতা লেখা প্রায় ছেড়েই দিয়েছেন। তাঁর একমাত্র কবিতার বই নিঃসঙ্গ পদাবলী স্বকীয়তায় উজ্জ্বল ছিল। কবিতার সঙ্গে এভাবে আড়ি দেওয়ার কারণ সম্পর্কে জানালেন সনজীব, ‘নাটকের কারণে লেখালেখির সত্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংগঠনিক কাজ করতে হয়েছে। গ্রুপ থিয়েটার আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলাম। আসলে আমি নাটক ছাড়া অন্য কিছুতে সময়টা দিইনি। আমার সব সময় নাটকের জন্যই। এর জন্য পারিবারিক ব্যবসাসহ অনেক কিছুই আমি ত্যাগ করেছি। সন্ধ্যা হলে আমি মহড়াতে যাবই। এটা আমার আসক্তির জায়গা।’ নাটককে সময় দিতে পেশা হিসেবে নিয়েছেন অধ্যাপনাকে। কিন্তু তিনি যেমন একজন সফল অভিনেতা, তেমনি জনপ্রিয় শিক্ষকও। এর পেছনের রহস্যটা কী?—‘ছাত্রদের সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো। শিক্ষকতা হচ্ছে ‘kind of performing art। সেই পারফর্মটা আমি সঠিকভাবে করতে চাই। একটি গল্প বা নাটক যখন আমি পড়াই, তখন তা এমনভাবে উপস্থাপন করি যাতে ছাত্ররাও তাতে জড়িত হয়ে যায়।’ অভিনয়, নাটক রচনা, নির্দেশনা, থিয়েটার আন্দোলন, লেখালেখির মতো অনেক সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থেকেও তৃপ্তির জায়গাটাতে যেন যেতে পারেননি সনজীব বড়ুয়া। তিনি বলেন, ‘এখনো প্রতিনিয়ত শিখছি, কাজ করছি এবং করে যাব।’ শিল্পীর চিরন্তন অতৃপ্তিটুকু তাঁর মধ্যে রয়েই গেছে। সেই অতৃপ্তিই তাঁকে প্রেরণা জোগায়।