‘শোক পরিণত হোক শক্তিতে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ রকম বাংলদেশ কখনো দেখনি তুমি/ মুহূর্তে সবুজ ঘাস পুড়ে যায়/ ত্রাসের আগুন লেগে/ লাল হয়ে জ্বলে ওঠে চাঁদ/ নরোম নদীর চর হা-করা কবর হয়ে/গ্রাস করে পরম শত্রুকে...’ নির্মলেন্দু গুণের ‘প্রথম অতিথি’ কবিতাটি আবৃত্তি করছিলেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্য মোহিত বিশ্বাস। তিনি আবৃত্তি করছিলেন শহীদ জননী জাহানারা ইমামের ১৭তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে। গত রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজন করে এ আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠের আসর। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে স্মরণসভার আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, সাংবাদিক রিয়াজ হায়দার, কাউন্সিলর রেহেনা বেগম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ, শিল্পী শাহরিয়ার খালেদ প্রমুখ। আলোচনায় উপস্থিত বক্তারা বলেন, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নেত্রী জাহানারা ইমাম। একাত্তরের যুদ্ধাপরাধ কোনো ব্যক্তিগত অপরাধ নয়, এটি রাজনৈতিক অপরাধ। এটিকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতিবিদদের মাধ্যমে বাস্তবায়িত হবে, এমনটি আশা করাও সমীচীন নয়। এ জন্য নতুন প্রজন্মকে যুদ্ধাপরাধীদের বিচার এবং শাস্তির দাবিকে আরও ত্বরান্বিত করার কাজে জোর দাবি নিয়ে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে রাজাকার, আলবদর, আলশামসদের মতো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যিনি এগিয়ে আসেন, তিনি শহীদ জননী জাহানারা ইমাম। তিনি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম নেত্রী। শহীদ জননীর স্মরণে আলোচনার ফাঁকে ফাঁকে একাত্তরের দিনগুলি থেকে একক আবৃত্তি পাঠ করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্য শর্মিষ্ঠা বড়ুয়া, শামসুর রাহমানের শহীদ জননীকে নিবেদিত পঙিক্তমালা পাঠ করেন কঙ্কণ দাশ। এ ছাড়া বোধন আবৃত্তি পরিষদের সদস্য প্রবীর পাল এবং শুভ রক্ষিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সদস্য তাজমুন মীরা, নির্মাণের বাপ্পী হায়দার, ত্রিতরঙ্গের রবিন ভট্টাচার্য ও মাসুদ তালুকদার। আলোচনা ও কবিতা পাঠের আগে শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দেওয়া হয় এবং শিল্পকলা একাডেমী থেকে শোক শোভাযাত্রা বের করা হয়। শেষে রাশেদ হাসানের গ্রন্থনা ও নির্দেশনায় ‘চিরকালের প্রমিথিউস’ বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা। এ ছাড়াও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উচ্চারক আবৃত্তি কুঞ্জ।