'শ্রোতাদের ভালোবাসায় সেরা পুরস্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী লুবনা জান্নাত। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। নজরুলসংগীত–অন্তঃপ্রাণ। আধুনিকেও তাঁর সমান বিচরণ। মঞ্চ মাতিয়ে চলেছেন সেই ছোটবেলা থেকেই। গত ২৯ জানুয়ারি প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে

সংগীতশিল্পী লুবনা জান্নাত l সৌরভ দাশ
সংগীতশিল্পী লুবনা জান্নাত l সৌরভ দাশ

আমার ব্যস্ততা...
মঞ্চে ব্যস্ত সময় কাটছে। প্রায় দিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকছে। এর মধ্যে নিজের অ্যালবামের দিকে মনোযোগ দিয়েছি। তবে আগে একটি মিউজিক ভিডিও করার পরিকল্পনা আছে। সেটার কাজে হাত দিয়েছি। আমার ইচ্ছা একটু সময় নিয়ে হলেও অ্যালবামের কাজটা ভালোভাবে করার। যাতে গানগুলো শ্রোতাদের প্রিয় হয়।
যেভাবে শুরু
বাবা ইস্কান্দর হোসেন চৌধুরী নৌবাহিনীর কর্মকর্তা হয়েও বেতারের পল্লিগীতির তালিকাভুক্ত শিল্পী ছিলেন। তাই ঘরেই সংগীতের একটা আমেজ ছিল। আমার খালু এম এম রহমানও গান করতেন। তাঁর কাছেই গানের হাতেখড়ি। তখন আমার বয়স চার কি পাঁচ। সেই শুরু। এরপর বিভিন্ন সময় শিখেছি অমলেন্দু রাহা, পরেশচন্দ্র কুড়ি, বাসুদেব ঘোষ ও শিবু চৌধুরীর কাছে। এ ছাড়া সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ধ্রুব পরিষদ থেকে শাস্ত্রীয় ও নজরুলসংগীতে পঞ্চম বর্ষ পর্যন্ত শেষ করেছি। আমার আগ্রহের কেন্দ্রবিন্দু নজরুল ও শাস্ত্রীয় সংগীত। ইচ্ছা আছে ভারতে গিয়ে সংগীতে তালিম নেওয়ার।
আমার অর্জন...
১৯৯৪ সালে প্রথম জাতীয় পর্যায়ে পুরস্কার পাই। সংকেত সাংস্কৃতিক গোষ্ঠীর অষ্টম সাংস্কৃতিক প্রতিযোগিতায় উচ্চাঙ্গতে দ্বিতীয় ও দেশাত্মবোধকে তৃতীয় হই। ১৯৯৭ সালে জাতীয় িশক্ষা সপ্তাহে দেশাত্মবোধক গানে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করি। ২০০৫ সালে এটিএন বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো তারকাদের তারকায় ছিলাম সেরা ২০ জনের মধ্যে। এ ছাড়া স্থানীয়ভাবে শতাধিক পুরস্কার জিতেছি। তবে আমার কাছে সেরা পুরস্কার মনে হয় শ্রোতাদের ভালোবাসা। মঞ্চে গান করার সময় যখন তাঁরাও আমার সঙ্গে সুর মেলান, সেই মুহূর্তটি খুবই আনন্দের।
আমার প্রেরণা...
যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমার সবটা জুড়ে শিল্পী রুনা লায়লা। তাঁর গান আমাকে সব সময় কাছে টানে। অবসর সময়ে প্রায় সময় তাঁর গান শুনেই কাটে।
এ ছাড়া দেশের বাইরে লতা মুঙ্গেশকর ও শ্রেয়া ঘোষালের গানও মন্ত্রমুগ্ধের মতো শুনি। তাঁরাই আমার প্রেরণা। তবে মূল প্রেরণা আর ভালোবাসার জায়গাটা পুরোটা দখল করে আছেন আমার মা দিলারা চৌধুরী। আর পাশে থেকে আমাকে প্রেরণা জুগিয়ে যাচ্ছেন স্বামী জাহিদুল্লাহ খান।
ভবিষ্যতের পথে...
ভালো একজন শিল্পী হিসেবে শ্রোতাদের মনে থাকতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত। এ ছাড়া উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে কাজ করছি।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ