‘ষড়যন্ত্রে নেমেছে সাম্প্রদায়িক গোষ্ঠী’
হাটহাজারীর নন্দীর হাটে দুই পাড়া-প্রতিবশীর মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিছিল সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশে গড়ে উঠেছে অসাম্প্রদায়িক বাঙালি চেতনাবোধ। কিন্তু সাম্প্রদায়িক গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে সেই চেতনাবোধকে নষ্ট করার ষড়যন্ত্রে নেমেছে।গণতান্ত্রিক রাজনৈতিক দল: চট্টগ্রামের বাম প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের এক প্রতিবাদ সমাবেশ নগরের শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলা আহ্বায়ক মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি রাজা মিঞা, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সম্পাদক আবু হানিফ, তুলল ভৌমিক, হাসান মারুফ, অশোক সাহা, সন্তোষ চৌধুরী, আবুল কালাম প্রমুখ।ছাত্র ইউনিয়ন: হাটহাজারীতে অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরের সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা প্যালেস মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। চট্টগ্রাম জেলার সভাপতি তৌহিদ টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তসলিম উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সুবর্ণা ধর, শিমুল কান্তি, রাশিদুল নামির প্রমুখ। হালিশহর যুবলীগ-ছাত্রলীগ: হালিশহর থানা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগ নেতা জাহিদুল ইসলাম।