‘সংকট সাময়িক দ্রুত কেটে যাবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমদ মনে করেন, বন্দরে এখন যে সমস্যা দেখা দিয়েছে তা সাময়িক। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।প্রথম আলোর সঙ্গে আলাপকালে বন্দর চেয়ারম্যান বলেন, ‘প্রত্যেক রোজার ঈদের পর এ ধরনের সমস্যা হয়। এবার আরও কিছু সমস্যা একসঙ্গে যুক্ত হয়েছে। এ কারণে পরিস্থিতি কিছুটা জটিল আকার ধারণ করেছে। আমরা সংকট উত্তরণে নানা উদ্যোগ নিতে শুরু করেছি।’ বন্দর চেয়ারম্যান বলেন, ঈদের ছুটির শেষ হয়ে যাওয়ার পর ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠানগুলো পুরোদমে সচল হতে কিছুদিন সময় লাগে। এ সময় বন্দর জেটি থেকে কনটেইনার কিংবা পণ্যসামগ্রী সরবরাহের গতি কমিয়ে দেন ব্যবসায়ীরা। ফলে জেটিতে কিছু কনটেইনার জমে থাকে। তিনি বলেন, বন্দরের অনেক কাজের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। এ অনুমোদনেও কিছুটা দেরি হওয়ায় নতুন কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দরের ড্রেজিং প্রকল্প, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় দরপত্র আহ্বান এবং বন্দরের ১১ থেকে ১৪ নম্বর জেটি নিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ নতুন কর্ণফুলী কনটেইনার টার্মিনাল (কেসিটি) নির্মাণ প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত বাস্তবায়নে হাত দেওয়া হবে।বন্দরের সেবার মানের অবনতির ব্যাপারে জানতে চাইলে কমোডর আহমেদ বলেন, ‘বন্দরের সেবা উন্নত করতে হলে বন্দর ব্যবহারকারী সব সংস্থার সহযোগিতা দরকার। এ সহযোগিতা না পেলে বন্দরের পক্ষে পরিস্থিতির উন্নতি করা কঠিন।’ তিনি বলেন, সবার সহযোগিতার জন্য আগামীকাল (সোমবার) বন্দর ব্যবহারকারী সব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। বৈঠক থেকে বন্দর সমস্যার কথা জানা যাবে এবং এগুলোর সমাধান বেরিয়ে আসবে। এ ধরনের বৈঠক নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।বন্দরের চলামান সংকট দ্রুত কেটে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে কমোডর আর ইউ আহমেদ বলেন, ‘আমরা নতুন নির্মিত নর্থ কনটেইনার ইয়ার্ড থেকে কনটেইনার ও পণ্য সরবরাহ দিতে শুরু করেছি। আগে এ ইয়ার্ডে শুধু খালি কনটেইনার রাখা হতো। নর্থ ইয়ার্ডের মতো আরও কিছু ইয়ার্ড থেকে পণ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, নতুন কিছু যন্ত্রপাতিও কেনা হচ্ছে। এসব যন্ত্রপাতি এলে এত দিন যন্ত্রের সংকটের কারণে বন্দরের কাজ ব্যাহত হওয়ার যে অভিযোগ তোলা হচ্ছিল সেটা দূর হবে।