‘সংসার বাঁচাইতে হইলে ব্যবসা করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতা নেই এখন একজনও। বেলা তিনটার সময় কে-ই বা আসবে কেনাকাটা করতে! তাই বলে বিক্রিবাট্টা হয় না, তা নয়। বহুকাল ধরেই মো. আমজাদ হোসেন কারওয়ান বাজারে পাইকারি হিসেবে ফল বিক্রি করেন। এখন তাঁর ব্যবসা কতবেল নিয়ে। আহা! কতবেল! মুখটা ফুটো করে তার মধ্যে ঝাল-লবণ ঢুকিয়ে কাঠি দিয়ে সুড়ুত সুড়ুত করে কতবেল খাওয়ার আনন্দ কি ভোলা যায়? কিংবা কতবেল ভেঙে সরষের তেল, কাঁচা মরিচ, ঝাল-লবণ দিয়ে কষে মাখিয়ে আঙুলের আগায় নিয়ে একটু একটু করে খাওয়া—এ যেন অমৃত স্বাদ!সেই কতবেলের সঙ্গেই এখন বসবাস আমজাদের। ফরিদপুর থেকে দেড় মাসের জন্য চলে এসেছেন ঢাকায়। কতবেলের মৌসুম শেষ হলেই কেবল ছুটি।ক্রেতা নেই কেন?‘বৃষ্টি-বাদলার সময় মানুষ আসে কম। আইব সময়মতো।’কীভাবে কতবেল সংগ্রহ করেন?‘গাছ কিনি।’কখন গাছ কেনেন?‘এই ধরেন, আষাঢ়-শ্রাবণে কিনছি। আবার ভাদ্রে কিনছি কয়েকটা।’কতগুলো গাছ কিনেছেন?‘এই ধরেন, আশি-নব্বইটা।’ কত টাকা দিয়ে গাছ কেনেন?‘সেইটা তো আগে থেকে কওয়া যায় না। এক একটা গাছ এক এক রকম দাম। ধরেন, কোনো গাছ কিনছি পাঁচ হাজার টাকায়, কোনো গাছ কিনছি তিন হাজার টাকায়। আবার এমন গাছও আছে, যেইটা কিনছি ১৫০০ টাকায়।’দাম কিসের ওপর নির্ভর করে?‘দাম নির্ভর করে বস্তার উপর। অনুমান কইরা নিই, কয় বস্তা কতবেল হইতে পারে। ওইভাবেই টার্গেট করি। প্রত্যেক বছর কিনতে কিনতে একটা আইডিয়া হইয়া গেছে।’গাছ কিনে তো চলে আসেন। কতবেল চুরি হয়ে যায় না?‘না। লোক ভালো হইলে চুরি হয় না।’ কখন পাড়েন? কাঁচা থাকতেই, নাকি পাকলে?‘গাছে দুই-একটা পাকলেই বস্তায় ভরি।’আপনি নিজে যান?‘না। আমার লোক আছে। আনন্দ বাবু, অন্তা মালাকার বস্তায় ভইরা পাঠায়ে দেয়।’কোন জেলা থেকে কতবেল সংগ্রহ করেন?‘ফরিদপুর, রাজবাড়ী...’কত দামে বিক্রি করেন?‘এই ধরেন, কোনোটার শ বিক্রি করি ১০০ টাকা, কোনোটা ৩০০ টাকা, কোনোটা ৫০০ টাকা, কোনোটা হাজার টাকা।’সব পাইকারি?‘হ্যাঁ, শ হিসাবে।’ বাড়িতে কে আছে?‘আমার দেশের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার বিল মোহাম্মদপুর। সেইখানে মা, বউ আর একটা সাত বছরের মেয়ে আছে।’কী নাম মেয়েটার?‘মোসাম্মৎ আফিয়া আখতার।’এত বড় নামে ডাকেন মেয়েটাকে?‘না। ওরে ডাকি আশামণি।’—এই প্রথম মো. আমজাদ হোসেনের মুখে কোমল অভিব্যক্তি দেখা যায়।আমজাদ হোসেন ঢাকায় থাকার সময়টিতে বউয়ের হাতের রান্না খেতে পারেন না। রেস্তোরাঁই ভরসা। সকালে ডিম-পরোটা অথবা ডিম-ভাত খান। দুপুরে ভাতের সঙ্গে মুরগি বা গরুর মাংস পছন্দ।এই অ্যানথ্রাক্সের মধ্যেও গরুর মাংস খাচ্ছেন?‘এই এলাকায় অ্যানথ্রাক্স পাওয়া যায় নাই।’খেতি জমি নাই?‘অল্প আছে।’এই ব্যবসা করতে ভালো লাগে?‘ভালো না লাগলে কী করব? চলতে হবে তো। সংসার বাঁচাইতে হইলে ব্যবসা করতে হবে। শোনেন, এই ব্যবসা করতে ভালো লাগে না। গাছ কেনা খুব কষ্ট। তিন হাজার টাকার গাছ ছয় হাজার টাকা চায়। পাঁচ-সাতবার গিয়া তারপর একটা গাছ কেনা যায়।’কী করলে সুখী হইতেন?‘সুখের মালিক তো আল্লাহ। সে-ই জানে কিসে সুখ।’আমরা ফিরে আসি। ফিরে আসার আগে জেনে নিই, কতবেলের মৌসুম শেষ হলে তিনি মিষ্টি বেলের ব্যবসা করবেন। এরপর লাল লাল টমেটোতে ভরে যাবে তাঁর আড়ত।