‘মুক্তিযোদ্ধারা বড় দাতা। দেশের জন্য আমরা জীবনপণ যুদ্ধ করেছি। সহযোদ্ধাদের অনেকে শহীদ হয়েছেন, আমরা জীবন নিয়ে ফিরে এসেছি। এ জীবন তো বোনাস। কিন্তু স্বাধীনতার এতদিন পরে মুক্তিযোদ্ধারা নানাভাবে অবহেলিত। মুক্তিযোদ্ধাভাতার নামে মাসে ২০০-৫০০ টাকা দিলে তাঁদের অসম্মান করা হয়।’ কথাগুলো বলছিলেন ফটিকছড়ি উপজেলার সুয়াবিল গ্রামের মুক্তিযোদ্ধা মীর আহমেদ। গৌরীশঙ্কর চৌধুরী, ভারতচন্দ্র বড়ুয়া, মো. ইসমাইল ও খোরশেদুল আলম চৌধুরী তাঁর সঙ্গে কণ্ঠ মেলান। এত দুঃখ-কষ্টের মধ্যেও একটি গ্লানি তাঁরা বয়ে বেড়ান। সেই গ্লানির কথা শুনুন তাঁদের মুখেই—‘দেশকে পাকিস্তানি হানাদারমুক্ত করতে পারলেও রাজাকারমুক্ত করতে পারিনি।’ তাই তাঁদের কথা—‘যুদ্ধাপরাধীদের বিচার হলেই প্রকৃত স্বাধীনতা পেতাম।’একাত্তরে বাঙালিদের বিরুদ্ধে হানাদারদের বর্বরতা দেখে রক্তে আগুন জ্বলে উঠেছিল ২৪ বছরের যুবক মীর আহমেদের। দেশ ছেড়েছিলেন হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে। ভারতের আসামের অম্পিনগর ক্যাম্পে প্রশিক্ষণ নেন তিনি। এর আগে ২৩ মার্চ সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস বন্ধে অবরোধে অংশ নিয়েছিলেন। মীর আহমেদের সঙ্গেই প্রশিক্ষণ নিয়েছিলেন খোরশেদুল আলম। মুক্তিযুদ্ধের সময় ছিলেন সিটি কলেজের ছাত্র। একদিন সেনানিবাসের সামনে দেখেন পাকিস্তানি সেনারা বাঙালি নারীদের পৈশাচিক নির্যাতন করছে। নিরস্ত্র তরুণ খোরশেদ কিছু করতে না পারলেও সেদিনই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুটি সোনার মুদ্রা ও হাতঘড়ি বিক্রি করে টাকা সংগ্রহ করেন তিনি। প্রশিক্ষণ নিয়ে ফিরে আসেন নিজের গ্রাম হাটহাজারীর ধলইয়ে। সেখানে যুদ্ধ করেন। স্বাধীনতার পর ভাটিয়ারিতে অস্ত্র জমা দিয়ে সনদ নেন। খোরশেদ জানান, ‘অসুস্থ স্ত্রী দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। সরকার মুক্তিযোদ্ধাদের সহজশর্তে ঋণ দিলে কোনো মুক্তিযোদ্ধা অনাহারে বা বিনা চিকিত্সায় মারা যেতেন না।’ গৌরীশঙ্কর চৌধুরীও একই ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিলেন। ফটিকছড়িতে আসা মুক্তিযোদ্ধাদের প্রথম দলের ২৬ সদস্যের তিনি একজন। কমান্ডার শহীদ আহমদ সাবার নেতৃত্বে দৌলতপুর বাবুনগর মাদ্রাসায় হামলা চালিয়ে অনেক রাজাকার নিধন করেছেন। ওই সময় মাদ্রাসাটি রাজাকারদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার পর চেষ্টা করেও চাকরি পাননি। একসময় চেরাগি পাহাড়ের মোড়ে হোটেল দেন। লোকসান হওয়ায় সেটি বন্ধ হয়ে যায়। গত পাঁচ বছর ধরে বেকার। তিনি বলেন, ‘কিছু পাওয়ার আশায় যুদ্ধ করিনি। স্বাধীনতাবিরোধীরা এখন অনেক সম্পত্তির মালিক অথচ আমাদের কষ্টের শেষ নেই। আমরা সম্পত্তি নয়, সম্মান চাই।’ মুক্তিযোদ্ধাদের সবার বয়স ৫৫ ছাড়িয়ে গেছে। পরিশ্রম করার মতো শারীরিক অবস্থা তাঁদের নেই। ভারতচন্দ্র বড়ুয়া ১৮ বছর বয়সে আসামের লোহার বনে প্রশিক্ষণ নিয়েছিলেন। সিলেট, নাজিরহাট ও রাউজানে যুদ্ধ করেছেন। ১৯৭১ সালের মে মাসের শেষদিকে ৩০-৩৫ জন মুক্তিযোদ্ধা রাউজানের মাদম্যার হাট, (বর্তমানে আমিরহাট) পাকসেনা-রাজাকারদের ঘাঁটিতে আক্রমণ চালান। সাত্তার খালে দাঁড়িয়ে গুলি চালিয়েছেন। পরদিন ১৫০-২০০ রাজাকার আশেপাশের গ্রামে হামলা চালায়। ভারতচন্দ্র জানান, স্বাধীনতার পর সরকারি চাকরি পেলেও ছয় মাস পর তা চলে যায়। কাউখালীর ঘাগড়া বাজারে ছোট একটি মুদির দোকানের ওপর নির্ভরশীল ছিল তাঁর পরিবার। দুস্থ মুক্তিযোদ্ধা হিসেবে ক্ষুদ্র ব্যবসা করার জন্য সরকারি তিনটি ব্যাংকে ঋণ চেয়েও পাননি। মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের দুঃখ—১৯৭৫ এর পরের অনেক সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। ১৯৭১ সালে নাজিরহাট কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিলেন তিনি। বিমান বাহিনীর মো. শামসুল আলমের নেতৃত্বে প্রথম প্রশিক্ষণ নেন নাজিরহাট কলেজের মাঠে। এরপর আসামের লোহার বনে ক্যাপ্টেন রাওয়াত তাঁদের প্রশিক্ষণ দেন। ৯ ডিসেম্বর রাজাকারদের সঙ্গে যুদ্ধে ১১ মুক্তিযোদ্ধা শহীদ হন। নাজিরহাট বাজারের পুরাতন পেট্রলপাম্পের কাছে তাঁদের কবর দেওয়া হয়। রাজাকাররা নাজিরহাট কলেজ ও পুরাতন জনতা ব্যাংকে অবস্থান নেয়। ১৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে নাজিরহাট মুক্ত হয়।মো. ইসমাইল জানান, ‘সংসার নিয়ে বড় কষ্টে আছেন। মুক্তিযোদ্ধা পরিচয়ের সম্মান রাখতে গিয়ে কারও কাছে কিছু চাননি। লেজুড়বৃত্তি করেননি কোনো রাজনৈতিক দলের। কিন্তু আমরা তেমন কিছু পাইনি। অবশ্য পাওয়ার প্রত্যাশাও করি না। কারণ যুদ্ধ করেছিলাম দেশের জন্য, কিছু পাওয়ার জন্য নয়।’