'সচেতন থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমে'
অগ্নিকাণ্ড, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ১৩ অক্টোবর দেশজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ফেনীর পরশুরাম ও কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
পরশুরাম: ফেনীর পরশুরামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ–বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম। সভায় বক্তারা পাহাড়ি ঢল, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম। এতে আরও বক্তব্য দেন নীরেন্দ্র চন্দ্র পাল, রাশেদুল আনোয়ার, প্রণব দে, হারুনর রশিদ, আবুল বশর প্রমুখ।