'সচেতনতাই পারে মানব পাচার ঠেকাতে'
‘নিরাপদ অভিবাসন ত্বরান্বিত করতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা অপরিহার্য। সচেতনতাই পারে মানব পাচার ঠেকাতে।’
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার এ মন্তব্য করেছেন। গত রোববার বিকেলে আনোয়ারা উপজেলার সিংহরা রামকানাই উচ্চবিদ্যালয়ে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে স্কুল পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। উন্নয়ন সংগঠন কারিতাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
মোহাম্মদ জহিরুল আলম মজুমদার প্রতারক বা দালালের প্ররোচনায় না পড়ে সতর্ক থাকার আহ্বান জানান।
স্কুলের প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনন্দ মোহন চৌধুরী, সদস্য অরুণ মল্লিক, সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিকাশ দাশ, শিক্ষক সুশীল চন্দ্র শীল, অভিবাসন উপকমিটির আহ্বায়ক স্বর্ণলতা দাশ, কারিতাস কর্মকর্তা শ্যামল মজুমদার প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।