'সনদনির্ভর শিক্ষা নয় প্রকৃত মানুষ হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদনির্ভর শিক্ষা নয়, প্রকৃত মানুষ হতে হবে। সেই শিক্ষার আলো ছড়াতে হবে সমাজে। বর্তমানে আলোকিত মানুষের বড়ই অভাব।
গত রোববার আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেদা ইসলাম।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রূপেশ কান্তি চৌধুরী ও কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির।
উপস্থিত ছিলেন স্থানীয় বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, সাবেক চেয়ারম্যান নোয়াব আলী, চট্টগ্রাম টায়ার টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস গ্রুপের সভাপতি মো. হেলাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, কাফকো হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা তপন বড়ুয়া।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্রধান শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জাতীয় পুরস্কার পাওয়া শিশুশিল্পী অদিতা সেন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।