‘সন্তান যেন গর্ব করে বলতে পারে, আমি মুক্তিযোদ্ধার সন্তান’
‘শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে দেওয়া সরকারি সুযোগ-সুবিধা চাই না। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আমি শুধু চাই স্বামীর স্বীকৃতি। শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর স্বীকৃতি নিয়ে মরে গর্বিত হতে চাই। জন্মের পর নিজের বাবাকে না দেখা আমার একমাত্র সন্তান যাতে গর্ব করে বলতে পারে, আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান।’ স্বাধীনতার ৪১ বছর পর এই আকুতি রাউজানের শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফের বিধবা স্ত্রী নুর বেগমের (৭০)। হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামের বাড়িতে বসে এ আকুতি জানান তিনি। বিধবা নুর বেগম বলেন, ১৯৭০ সালের ১০ মে তাঁর বিয়ে হয় দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা প্রয়াত সোনা মিয়ার প্রথম ছেলে হানিফের সঙ্গে। বিয়ের পর স্বামী, স্ত্রী ও শ্বশুরসহ পরিবার নিয়ে তাঁরা সুখেই ছিলেন। বিয়ের বছর না ঘুরতেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হানিফ তাঁকে অন্তঃস্বত্ত্বা রেখে মুক্তিযুদ্ধে অংশ নিতে পালিয়ে যান ভারতে। সেখান থেকে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। যুদ্ধের ফাঁকে ১৯৭১ সালের ২০ মে তিনি গোপনে পরিবারের সঙ্গে দেখা করতে এলে ওত পেতে থাকা স্থানীয় রাজাকাররা তাঁকে ধরে নিয়ে যায়। তখনকার টিক্কা খান খ্যাত এক রাজাকারের নেতৃত্বে আসা স্বাধীনতাবিরোধীরা তাঁকে ঘর থেকে অজ্ঞাত স্থানে নিয়ে খুনের পর লাশ গুম করেছিল। এ ঘটনার প্রায় ছয় মাস পর (২৭ নভেম্বর ১৯৭১) জন্ম নেয় তাঁর সন্তান, নাম রাখেন তাজউদ্দীন।শহীদপত্নী নুর বেগম জানান, স্বামী হারানোর শোক আর সংসারের টানাপোড়েনে জন্ম নেওয়া সন্তানকে নিয়ে বাধ্য হয়ে একসময় তাঁকে ফিরতে হয় শহীদ স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে। একমাত্র সন্তানকে বাঁচানোর জীবনসংগ্রামে তাঁর কেটে গেছে এত বছর। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তাজউদ্দীনের বয়স ৩৮। তিনি মধ্যপ্রাচ্যপ্রবাসী। বয়স ও রোগ-শোকে কাতর শহীদপত্নী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, দেশ স্বাধীন হয়েছে ৪০ বছর। এ সময়ে অনেক রাজাকার, আলবদর রাতারাতি ভোল পাল্টে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে।তিনি জানান, আওয়ামী লীগের নেতা ও নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এজাহারুল ইসলাম স্বাধীনতার পর একবার শহীদ মুক্তিযোদ্ধা হানিফের নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। এর পর থেকে হানিফকে স্মরণ করার মতো কোনো কর্মসূচি নেওয়া হয়নি। কেউ তাঁর পরিবার কেমন আছে অথবা কোথায় আছে, সে খবরও নেয়নি। জানা গেছে, নুর বেগমের আত্মীয়স্বজনেরা একাধিকবার বিভিন্ন সময়ে শহীদ হানিফের মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি ও স্বীকৃতি আদায়ের জন্য মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সংসদে আবেদন করেছেন।কিন্তু রহস্যজনক কারণে কর্তৃপক্ষ এ পর্যন্ত শহীদ হানিফকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেনি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার মতো আরও শত শত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবার এ বিষয়টি নিয়ে অসহায়। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নতুন করে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন এই উপলব্ধি থেকে।’উল্লেখ্য, শহীদ হানিফের স্ত্রী নুর বেগম ও সন্তান তাজউদ্দীন সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন।