'সন্তানের মেধা বিকাশে মায়েদের ভূমিকা বেশি'
সন্তানদের মেধা বিকাশের ক্ষেত্রে মায়েদের ভূমিকা থাকে বেশি। কারণ পিতারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তাই সন্তানদের পড়াশোনার জন্য মায়েরা সময় ব্যয় করুন।
খাগড়াছড়ির দীঘিনালায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে। এতে ১৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
১ ফেব্রুয়ারি উপজেলার সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বক্তব্য দেন দীঘিনালা সেনা জোন জাগ্রত বিশ-এর অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আজম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া জানান, উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ জন, দুটি ইবতেদায়ি মাদ্রাসার নয়জন ও ১২টি উচ্চবিদ্যালয়ের ৮৯ জন এবার জিপিএ-৫ পেয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন তিনি।