‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’
প্রজেক্টরের মাধ্যমে মিলনায়তনের পর্দায় ভেসে উঠল হুমায়ুন আজাদের আহত হওয়ার ছবি। স্লোগানে মুখরিত হলো চারদিক। ‘স্যারের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই...’, ‘আজাদ স্যারের রক্ত বৃথা যেতে দেব না...’। প্রমার ১৪ জন শিল্পী একসঙ্গে মঞ্চে এসে দাঁড়ালেন। তাঁদের কণ্ঠে ধ্বনিত হলো হুমায়ুন আজাদের বেশ কয়েকটি কবিতা ও প্রবন্ধ।শ্রদ্ধা ও ভালোবাসায় প্রমা আবৃত্তি সংগঠন ১২ আগস্ট শিল্পকলা একাডেমীতে স্মরণ করল হুমায়ুন আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী। বৈরী আবহাওয়া সত্ত্বেও মিলনায়তনভর্তি দর্শক নিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রমা প্রতিবছরের মতো এ বছরও মঞ্চস্থ করল তাদের পূর্ণাঙ্গ প্রযোজনা ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’। এটি ছিল তাদের নবম মঞ্চায়ন।একে একে শিল্পীরা আবৃত্তি করলেন ‘পঙ্গু মুক্তিযোদ্ধা’, ‘পর্বত’, ‘বিশ্বাস’, ‘প্রার্থনালয়’, ‘কি অদ্ভুত সময়ে বাস করি’, ‘আমার চোখের সামনে এ দেশ নিউজপ্রিন্টের মতো’, ‘ভালো থেকো ফুল’, ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’, ‘আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব’, ‘ড. জনসন’, ‘আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে’সহ আরও বেশকিছু কবিতা ও প্রবন্ধ। প্রযোজনাজুড়ে বারবার উচ্চারিত হলো একটি কবিতার পঙিক্তমালা, ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’। হুমায়ুন আজাদের মৃত্যুসংবাদ পাঠ করার পরপর মঞ্চের পর্দায় ভেসে ওঠে তাঁর মৃত্যুপরবর্তী সময়ে ২০০৪ সালে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও ছবি। আবহসংগীতে তখন বেজে ওঠে বেহালার করুণ সুর। দর্শকদের মধ্যেও তখন অন্যরকম একটি নিস্তব্ধতা তৈরি হয়। সবশেষে ‘ভালো থেকো ফুল’ কবিতা আবৃত্তি করতে করতে মিলনায়তনে আলোর প্রদীপ হাতে দর্শকদের মাঝে এসে দাঁড়ান প্রমার আরও প্রায় ২০ জন শিল্পী। আর এই সময় মঞ্চে আবারও উচ্চারিত হলো সেই পঙিক্তমালা—আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে...। আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের গ্রন্থনা ও নির্দেশনায় প্রযোজনাটিতে অংশগ্রহণ করেন কংকন দাশ, বিশ্বজিৎ পাল, জেরিন মিলি, শর্মিষ্ঠা বড়ুয়া, তাজুল ইসলাম, মোহিত বিশ্বাস, মঞ্জুর মুন্না, সাহেলি তাহের, এ টি এম সাইফুর রহমান, ইব্রাহীম খলিল মাসুদ, রুনা চৌধুরী, নাজমুল আলীম সুমন, জোবায়ের জুয়েল। আলোক পরিকল্পনা ও পরিচালনায় মোসলেম উদ্দীন সিকদার, স্লাইড ও মাল্টিমিডিয়া প্রজেক্টর পরিচালনায় ছিলেন রাজু দাশ, আবহসংগীতে হরিতোষ। কোরিওগ্রাফিতে ছিলেন বাপ্পা চৌধুরী।