‘সবকিছুর দাম বাড়ছে বাড়ছে না শিল্পীদের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবকিছুর দাম বাড়ছে, বাড়ছে না কেবল শিল্পীদের সম্মানী। ব্যাপারটি খুবই অমানবিক ও অনাকাঙ্ক্ষিত। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’ বলছিলেন বিশিষ্ট লেখিকা এবং বেতার কথক (টকার) ফেরদৌস আরা আলীম। গত মঙ্গলবার আগ্রাবাদ বেতার ভবনে কথা হয় তাঁর সঙ্গে। বেতারের নারীদের জন্য অনুষ্ঠান ‘অনন্যা’ পরিচালনা করতে আসেন তিনি। একই অনুষ্ঠানে অংশ নিতে আসা সিটি করপোরেশনের কাউন্সিলর এবং শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি রেহানা বেগম বলেন, ‘আমি তো মনে করি, বেতারে এক হাজার টাকার নিচে কোনো শিল্পী-সম্মানী রাখা উচিত নয়। কারণ, প্রকৃত শিল্পীসত্তাকে বাঁচিয়ে রাখার জন্য এটা অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেতারে দেওয়া সামান্যতম সম্মানী থেকেও ১০ শতাংশ কেটে রাখা হচ্ছে। এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জনের সঙ্গে আলাপ করেছি, যাতে একটা সম্মানজনক সুরাহা হয়।’সূত্রমতে, গত জুলাই মাস থেকে বেতারের শিল্পী-সম্মানী থেকে ১০ শতাংশ হারে উ ৎ সে কর কেটে রাখা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামসহ বাংলাদেশ বেতারের ১২টি কেন্দ্রে এই নিয়ম কার্যকর হয়। বেতারের সব অনিয়মিত শিল্পীই এই নিয়মের আওতায় পড়েছেন। জানা যায়, বর্তমানে চট্টগ্রাম বেতারে এক হাজার ৫০০ জন অনিয়মিত শিল্পী নিয়োজিত রয়েছেন। রাজস্ব বোর্ডের নির্দেশনাকে অসম্মানজনক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি আবদুল মান্নান রানা বলেন, ‘বেতারে গীতিকার, সুরকার ও শিল্পীদের যে সম্মানী দেওয়া হয়, তা আজকাল সম্ভ্রান্ত এলাকায় ভিক্ষুকদের দেওয়া ভিক্ষার চেয়েও কম। তার ওপর ১০ শতাংশ কেটে রাখা হলে বাকি থাকে কী?’ এ সিদ্ধান্ত শিল্পী কল্যাণের নামে শিল্পীদের অস্তিত্ব বিনাশের নামান্তর বলে মন্তব্য করেন তিনি।আবদুল মান্নান রানা আরও বলেন, ‘এমনিতেই একই মন্ত্রণালয়ের অধীনে বেতার ও টেলিভিশনে দুই ধরনের সম্মানী নির্ধারিত। এর মধ্যে বেতারের সম্মানী সবচেয়ে কম। আবার বাংলাদেশ টেলিভিশন ও চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) শিল্পীদের সম্মানীর ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। এর যৌক্তিকতা আমাদের বোধগম্য নয়।’রেডিও অ্যানাউনসারস ক্লাব চট্টগ্রামের (র‌্যাঙ্কস) সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান বলেন, ‘এর মাধ্যমে শিল্পীদের মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। বর্তমানে একজন শিল্পী ২০০ টাকার ওপর সম্মানীর ক্ষেত্রে পাঁচ টাকা হারে রাজস্ব দিচ্ছেন। তার ওপর বেতারের দেওয়া হাতে গোনা সম্মানী থেকে আরও ১০ শতাংশ কেটে রাখা চালু করে শিল্পীদের অসম্মানই করা হচ্ছে। এ অবস্থায় অনেক শিল্পী অভিমানে এ পেশা থেকে সরে আসার কথা ভাবছেন।’বর্তমান শিল্পীসম্মানী: বেতার সূত্রে জানা যায়, বর্তমানে একজন শিশুশিল্পী পাঁচ মিনিটের কোনো অনুষ্ঠানের জন্য পায় ১২৫ টাকা। তবে ১০ শতাংশ কেটে রাখায় শিল্পী আসলে পাচ্ছে ১১২ টাকা ৫০ পয়সা। এ প্রসঙ্গে এক শিশুশিল্পীর অভিভাবক আবদুল আহাদ বলেন, ‘শিশুদের কাছ থেকে উ ৎ স কর কাটার যৌক্তিকতা কী, বুঝলাম না।’একইভাবে পাঁচ মিনিটের আলোচনায় অংশ নিয়ে একজন কথক পাচ্ছেন ৩৮৮ টাকা ৮০ পয়সা। আগে পেতেন ৪৩২ টাকা। ১০ মিনিটের জন্য একজন বিশেষ শ্রেণীর সংগীতশিল্পী সম্মানী পাচ্ছেন ৫১১ টাকা ২০ পয়সা। আগে পেতেন ৫৬৮ টাকা।বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাম্মী আরা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা শিল্পীদের এসব অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’