'সবচেয়ে হালকা' স্যাটেলাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় তরুণ রিফাত শারুক মাত্র ৬৪ গ্রাম ওজনের একটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বানিয়েছেন। সম্ভবত এটিই বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট। মার্কিন মহাকাশ সংস্থা নাসা আগামী জুনে তাদের একটি মহাকাশকেন্দ্রের কক্ষপথে এটি পাঠাবে।
নাসা এবং শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আইডুডল যৌথভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। নাম ‘কিউবস ইন স্পেস’। ছোট্ট স্যাটেলাইট বানানোর এই প্রতিযোগিতায় ১৮ বছর বয়সী রিফাতের তৈরি স্যাটেলাইটটি সেরা নির্বাচিত হয়েছে। রিফাতের ভাষ্য, ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারে তৈরি কার্বন তন্তুর কার্যকারিতা দেখানোই তাঁর উদ্দেশ্য ছিল। শেষমেশ একটা স্যাটেলাইটই হয়ে গেল। এটি কক্ষপথের কাছাকাছি চার ঘণ্টার অভিযাত্রায় যাবে। তখন এই হালকা স্যাটেলাইট মহাশূন্যের অতি হালকা মাধ্যাকর্ষণের পরিবেশে ১২ মিনিট ধরে অবস্থান করবে।
রিফাত সংবাদমাধ্যমকে বলেন, এই স্যাটেলাইটে নতুন একধরনের ভ্রাম্যমাণ কম্পিউটার এবং দেশীয়ভাবে তৈরি আটটি সেন্সর বসানো থাকবে। এগুলো ত্বরণ, আবর্তন এবং পৃথিবীর চৌম্বক মণ্ডলের পরিমাপ নেবে।
স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে কালামস্যাট। ভারতের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট এ পি জে আবদুল কালামের প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামকরণ। তিনি দেশটির বিমান চালনাসংক্রান্ত বিজ্ঞানের উচ্চাভিলাষী গবেষণার পথিকৃৎ ছিলেন।
নবীন বিজ্ঞানী রিফাতের বাড়ি ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের একটি ছোট্ট শহরে। এখন তিনি চেন্নাইভিত্তিক প্রতিষ্ঠান স্পেস কিডজের প্রধান বিজ্ঞানীর দায়িত্ব পালন করছেন। ভারতীয় শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞান ও শিক্ষার প্রসারের জন্য এ প্রতিষ্ঠান কাজ করছে।
কালামস্যাটই রিফাতের প্রথম উদ্ভাবন নয়। মাত্র ১৫ বছর বয়সে তিনি একটি হিলিয়াম আবহাওয়া বেলুন বানান। খুদে বিজ্ঞানীদের জন্য জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতায় তিনি এটি তৈরি করেছিলেন।