>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন। মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।

কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না দিলওয়ারা বেগম। তাঁর চোখ ভিজে ওঠে আনন্দ-জলে। ছেলের কারণে তাঁর কাছে ছুটে গেছেন আরও একদল সন্তান, এটা তাঁর কাছে অনেক বড় একটি ঘটনা। রোববার মা দিবসে এমন মুহূর্তের সৃষ্টি হয় মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকার এই বাসাটিতে।
দিলওয়ারা বেগম চিকিৎসক উবায়দুল ইসলামের মা। উবায়দুল কাজ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মা দিবসে শুভেচ্ছা জানাতে সেদিন তাঁর বাসায় ছুটে গিয়েছিলেন প্রথম আলো বন্ধুসভা মৌলভীবাজারের সদস্যরা। এই মায়ের জন্য তাঁদের হাতে ছিল ফুল, মিষ্টি এবং প্রথম আলোর শুভেচ্ছা উপহার।
এই মা যখন বন্ধুসভার অপূর্ব সোহাগ, আমিনা আইরিন, অরণ্য রনি, সামিয়া, সুপ্রিয়া এবং এ কে এম সুমনের কাছ থেকে শুভেচ্ছা উপহার গ্রহণ করছিলেন, তখন তাঁর চোখ-মুখ মাতৃমমতায় উজ্জ্বল হয়ে ওঠে।
‘আমার খুব ভালো লাগছে। এটা বলার মতো না। সব মায়ের কাছে তার সন্তান ভালো। আমার ছেলেও খুব ভালো। আমি চাই সব সন্তানই যেন বাবা-মার প্রতি ভালো ব্যবহার করে।’ বললেন দিলওয়ারা বেগম। মায়ের সামনেই মুঠোফোনে কথা হয় উবায়দুল ইসলামের সঙ্গে। তিনিও তখন আপ্লুত। বললেন, ‘আমি সবার সঙ্গে থাকতে পারলাম না। কিন্তু প্রথম আলো যে কাজটি করল, তা এক কথায় অনন্য। আমরা অনুপ্রাণিত।’
ফেরার সময় ছোট করে বললেন, ‘সবাই ভালো থেকো।’