'সবার দোরগোড়ায় পৌঁছাব চিকিৎসাসেবা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা নবীন চিকিৎসক। সদ্য এমবিবিএস পাস করা এই তরুণেরা ভাবেন সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে। সব মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছানোর স্বপ্ন তাঁদের। কক্সবাজার মেডিকেল কলেজ থেকে পাস করে তাঁরা এখন যুক্ত হচ্ছেন চিকিৎসা পেশায়। ১৭ জুলাই কথা হয় এই চিকিৎসক দলের সঙ্গে।
এই দলের সদস্য চৌধুরী ফরহাদ কামাল বলেন, ‘চিকিৎসকদের নিয়ে গণমাধ্যমে প্রায় সময় দেখা যায় নানা নেতিবাচক খবর। মানবসেবার মহৎ এই পেশাটি নিয়ে লোকজন বিভ্রান্ত। ওই অপবাদ ঘুচিয়ে আমরা আদর্শ চিকিৎসক হতে চাই। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।’
কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ থেকে প্রথমবারের মতো ২১ জন শিক্ষার্থী এমবিবিএস পাস করেছেন। এর মধ্যে মেয়ে ১৪ জন। গত ১৩ এপ্রিল তাঁদের ফলাফল প্রকাশিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত শেষ পেশাগত পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করে এই কলেজের ছাত্রী প্লাবনী তালুকদার।
এতে মহাখুশি প্লাবনী। তিনি বলেন, এখন দুস্থ, অসহায় ও গরিব মানুষের সেবা করে নিজের স্বপ্নের বাকিটুকু বাস্তবায়ন করতে চাই।
কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বলেন, ৫০ জন শিক্ষার্থী নিয়ে ২০০৮ সালে এই মেডিকেল কলেজের যাত্রা শুরু। প্রথম ব্যাচে এমবিবিএস পরীক্ষা দিয়েছে ৩৮ জন। এর মধ্য থেকে পাস করেছে ২১ জন। তারা এখন ইন্টার্নি করছে।
পাস করে আনন্দিত শিক্ষার্থী খাগড়াছড়ির মিতালী ত্রিপুরা, চকরিয়ার আবু তৈয়ব ও নীলফামারীর তাজতি আরেফাও।
তাজতি আরেফা বলেন, ‘নীলফামারী থেকে কক্সবাজার প্রথম এসে দেখি, কলেজ ভবনই নেই। সদর হাসপাতালের একটি ভবনে অস্থায়ী মেডিকেল কলেজ ক্যাম্পাস। এর মধ্যে আমার ভালো করেছি। এ নিয়ে পরিবারের সবাই খুশি।’
সম্প্রতি প্রথম ব্যাচের চিকিৎসকদের নিয়ে গঠন করা হয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। পরিষেদের আহ্বায়ক চৌধুরী ফরহাদ কামাল। যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, আবু তৈয়ব ও হাবিবুর রহমান।
যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম ও হাবিবুর রহমান জানান, তাঁরা ইন্টার্নি চিকিৎসক হিসেবে হাসপাতালে যোগাদানের পর রোগীদের সেবা ও গতি দুটোই বেড়েছে। এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় তাঁদের।