'সবার মাঝে ছড়িয়ে দেব সুর'
সংগীতশিল্পী চৈতি মুৎসুদ্দি। ২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠে প্রথম রানারআপ হয়েছেন। এরপর থেকে গান নিয়ে বেড়েছে ব্যস্ততা। সম্প্রতি পড়ালেখার পাট চুকিয়েছেন। এখন থিতু হচ্ছেন ঢাকায়
আমার যত ব্যস্ততা...
বেশ কিছু দ্বৈত অ্যালবামের কাজ চলছে। কিছু শেষ করেছি। এগুলো কোরবানির ঈদে বাজারে আসবে। এর মধ্যে উল্লেখযোগ্য অয়ন চাকলাদারের সুরে প্রেম জোছনা অ্যালবামটি। তা ছাড়া বিভিন্ন বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে গাওয়ার পাশাপাশি মঞ্চেও গান করছি।
একক অ্যালবামের কাজ কত দূর?
ইতিমধ্যে একটি গান রেকর্ডিং করেছি। ‘কী যে হতে কী হলো’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন। অ্যালবামে আটটি গান থাকবে। বিরহ ও ভালোবাসা—এই দুই ধাঁচের গানই থাকবে। মেলোডিয়াস গান থাকবে বেশি। তবে নাম এখনো ঠিক করিনি। একক অ্যালবামের জন্যই তল্পিতল্পা গুটিয়ে অক্টোবরে ঢাকা চলে যাচ্ছি। ভালোভাবে কাজটা করতে চাই। যাতে দর্শকেরা মনে রাখেন।
গানের শুরু...
নার্সারিতে পড়ার সময় থেকে মায়ের হাতে গানের হাতেখড়ি। এরপর নানা চড়াই-উতরাই। ছোটবেলা থেকেই সব সময় শিল্পী রুনা লায়লাকে ভাবতাম। তিনি যেভাবে গান করতেন তা অনুকরণ করতাম আয়নার সামনে দাঁড়িয়ে। তখন থেকেই গানের সঙ্গে সখ্য। দিনে দিনে তা ডালপালা মেলে বিস্তৃত হয়েছে। আর নতুন মাত্রা দিয়েছে চ্যানেল আই সেরাকণ্ঠ। কারণ, আগে ভাবতাম গান করব নিজের জন্য। এখন ভাবি, সবার মাঝে ছড়িয়ে দেব আমার সুর।
অতঃপর ‘কাগজের নৌকা’ ...
গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছি। অনেক সময় বাইরে কোথাও গেলে দেখি হঠাৎ কেউ গুন গুন করে গাইছে। তখন খুব ভালো লাগে। এখন এই গানটির মিউজিক ভিডিও করব। অনেকে জানে না গানটি আমার গাওয়া।
ভবিষ্যতের পথে...
গান ছাড়া কিছুই ভাবছি না। যদিও অভিনয়ের প্রস্তাব পাচ্ছি নাটক-টেলিফিল্মের জন্য। তবে আমার আগ্রহের কেন্দ্রবিন্দু গান। গানে নিজেকে আরও পোক্ত অবস্থানে নিয়ে যেতে চাই।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ