'সবার সমন্বিত উদ্যোগে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব'
ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্পের অংশ হিসেবে নগরের চারটি ওয়ার্ডে কর্মজীবী শিশু ও অভিভাবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাঁচ হাজার শিশু ও পাঁচ হাজার অভিভাবককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে প্রশিক্ষণ শেষে গত মঙ্গলবার ১০৭ জনের হাতে সেলাইমেশিন ও সনদ তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাকিলা সুলতানা, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, আবিদা আজাদ ও ফারজানা পারভীন। বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, অপরাজেয় বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মাহবুব উল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মনিটরিং কর্মকর্তা কমল পাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সবার সমন্বিত উদ্যোগে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। বিজ্ঞপ্তি