চকরিয়ায় জীববৈচিত্র্য দিবস উদ্যাপন
'সবুজ বিপ্লব ঘটিয়ে মোকাবিলা করতে হবে প্রাকৃতিক দুর্যোগ'

নিজেদের প্রয়োজনে বনকে বাঁচাতে হবে। সবুজ বিপ্লব ঘটিয়ে মোকাবিলা করতে হবে প্রাকৃতিক দুর্যোগ। নতুবা কোমেন-রোয়ানুর আঘাত সহ্যের ক্ষমতা আমাদের থাকবে না।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ক্রেল (ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুডস) আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার চকরিয়ার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের পার্ক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেধাকচ্ছপিয়া সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন। ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলা সমন্বয়কারী আবদুল কাইয়ুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ ইউছুফ। বিশেষ অতিথি ছিলেন ওবায়দুল ফাতেহ, জিনাত আফরোজ, মাইকেল ওয়াইকফ, বিশ্বজিৎ সেন, কাজী মোকাম্মেল কবির ও এ বি এম জসিম উদ্দিন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বন সংরক্ষণ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিবসের কর্মসূচি শুরু হয় শোভাযাত্রার মাধ্যমে। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে জাতীয় উদ্যানের তিন একর জায়গায় গর্জন বীজ বপন করানো হয়।