‘সম-অধিকার নিশ্চিত হলেই নারীর উন্নয়ন সম্ভব হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিজ্ঞানে সমঅধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা গাইড কমিশনার অধ্যাপিকা হামিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার রাহেনারা বেগম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম। বিশ্ব নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন রেঞ্জার গাইড অধ্যক্ষ রীতা দত্ত। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের বিজ্ঞানমনস্ক, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া একান্তভাবে প্রয়োজন। তিনি এ বিষয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি রাহেনারা বেগম নারীদের নেতৃত্বে দক্ষতা অর্জনের জন্য গাইডিংয়ের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, গাইডিং একটি আন্তর্জাতিক নারী সংগঠন, যা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করে। সভায় ধন্যবাদ বক্তব্য দেন জেলা ট্রেজারার গীতা চক্রবর্তী। সীতাকুণ্ড:আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষ উপলক্ষে গত ৮ মার্চ সীতাকুণ্ড উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ইপসার সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে ইপসার কর্মসূচি কর্মকর্তা নেওয়াজ মাহমুদের উপস্থাপনায় সভায় প্রবন্ধ পড়েন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী, সীতাকুণ্ড মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ইসমত আরা সুলতানা, মহিলাবিষয়ক কর্মকর্তার সহকারী জান্নাতুল ফেরদৌস, ভার্কের কর্মকর্তা লাভলী, কলেজছাত্রী মোহছেনা আক্তার প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষা, প্রশিক্ষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর সমানাধিকার, রাষ্ট্রের প্রশাসনে ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীর সমান অধিকার ও অংশগ্রহণ বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্যই রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের মূল স্রোতধারায় নারীকে যুক্ত করতে হবে।’ আলোচনা সভার পর কলেজ শিক্ষার্থীদের দ্বারা শিক্ষা, প্রশিক্ষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর অধিকার, নারীর অধিকার আদায়ে অন্তরায় এবং তার কৌশল নির্ণয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সীতাকুণ্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রুমা: বান্দরবানের রুমায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও এক আলোচনা সভা ৮ মার্চ বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।‘শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর সমঅধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্যাসিং মারমা।বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচা মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ, ইউএনডিপি-সিএইচটিডিএফ কর্মকর্তা নুমংপ্রু মারমা, মহিলাবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নূর নবী, মহিলা লীগের সভানেত্রী জিংএংময় বম, বটতলীপাড়া নারী জাগ্রত মহিলা সমিতির সভানেত্রী উসাংপ্রু মারমা, পান্তলা নারী কল্যাণ সমিতি সভানেত্রী চচিং মারমা, রুমা বাজার নারী সমিতি সভানেত্রী মেঞো মারমা, রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ইরতি ত্রিপুরা, নারীনেত্রী রেমএংময় বম প্রমুখ।চন্দনাইশ: চন্দনাইশ উপজেলা এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত নারী দিবসের কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। কর্মশালায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা গিতা চৌধুরী, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী ও আবু রাশেদ চৌধুরী। কর্মশালায় চন্দনাইশ উপজেলায় কর্তব্যরত এনজিও সংস্থা মমতা, উদ্দীপন, কারিতাস, কোডেক, পদক্ষেপ, সিএমইএস, হীড বাংলাদেশ এবং সূর্যের হাসি ক্লিনিকের প্রতিনিধিরা যোগ দেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।