গুণীজন ও কৃতী সাংবাদিক-শিল্পীদের সংবর্ধনা
‘সমাজ ও শিক্ষার প্রতি দায়বদ্ধতার প্রকাশ ঘটাল প্রেসক্লাব কর্তৃপক্ষ’
কৃতী সাংবাদিক ছাড়াও পেশার বাইরের গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে সমাজ ও শিক্ষার প্রতি দায়বদ্ধতার প্রকাশ ঘটাল চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ। এতে গুণী ব্যক্তি ও সাংবাদিক-শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে আরও মনোযোগী হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে উৎসাহিত হবেন। চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে গুণীজন, কৃতী সাংবাদিক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। ৪ আগস্ট বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সংবর্ধিত গুণী ব্যক্তি হলেন বিশিষ্ট শিল্পী-লেখক সবিহ্-উল আলম। কৃতী সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হয় চিত্রসাংবাদিক দেবপ্রসাদ দাস ও শামসুল হক হায়দরীকে। এ ছাড়া এ বছর প্রেসক্লাবের সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি, ও লেভেল এবং এইচএসসি উত্তীর্ণ ১৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংবাদমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক দিকগুলো তুলে ধরার ওপর জোর দেন। প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ ও যুগ্ম সম্পাদক মহসীন চৌধুরী। সংবর্ধিত গুণীজন ও কৃতী সাংবাদিকেরা তাঁদের প্রতিক্রিয়ায় সংবর্ধনার জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে ইফতার পর্বে প্রেসক্লাবের সদস্যদের পরিবার ও বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।