'সমাজসেবার প্রকৃত অর্থ মানুষকে মানুষের মর্যাদা দেওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল শনিবার ডিসি হিল থেকে শোভাযাত্রা বের করা হয়
সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল শনিবার ডিসি হিল থেকে শোভাযাত্রা বের করা হয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সমাজসেবার প্রকৃত অর্থ মানুষকে মানুষের মর্যাদা দেওয়া। তাঁদের হৃদয় জয় করা। প্রত্যেক ধর্মেই মানবসেবার কথা বলা হয়েছে। সমাজসেবা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
গতকাল শনিবার জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
ইফতেখার উদ্দিন চৌধুরী আরও বলেন, বিশ্বে এমন কোনো বড় নেতা পাওয়া যাবে না, যাঁরা সমাজসেবার সঙ্গে জড়িত ছিলেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এর ব্যতিক্রম নন। তাঁর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মানবিক সমাজ গড়া। তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক বন্দনা দাশ, সমাজসেবক হাসান মাহমুদ, মোরশেদ হোসেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। সরকারের পাশাপাশি বিত্তবানদের সমাজসেবায় আরও বেশি এগিয়ে আসতে হবে।

আলোচনাপর্ব শেষে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া সরকারি শিশু পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভার আগে সমাজসেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের ডিসি হিল থেকে শুরু হয়ে থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।