'সমাজসেবায় যুক্ত ব্যক্তিরা কখনো মানুষের ক্ষতি করতে পারেন না'
নৈতিকতার অবক্ষয়ের অন্যতম কারণ শিক্ষিত ব্যক্তিদের আত্মকেন্দ্রিক হয়ে পড়া। সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সমাজকেন্দ্রিক হতে হবে। সমাজসেবায় যুক্ত ব্যক্তিরা কখনো মানুষের ক্ষতি করতে পারেন না।
জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ১২ নভেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থার আহ্বায়ক মুহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব জালাল উদ্দিন আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ নাছেরুল হক চিশতি।
প্রধান অতিথি বলেন, জঙ্গিবাদসহ সব অপরাধ দমনে শিক্ষিত সমাজকে ভূমিকা পালন করতে হবে। তাঁদের আহরিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজের সার্বিক উন্নয়নে মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে।
অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সচিব আসিক ইউসুফ চৌধুরী। বক্তব্য দেন কামাল উদ্দীন আহমদ, জসিম আলী চৌধুরী, ছালামাতুল্লাহ, এসকান্দর আলম, মুহাম্মদ নুর হোসাইন, মুহাম্মদ কুতুব উদ্দীন আলম, এম এ সবুর, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ প্রমুখ।
সম্মেলনে মুহাম্মদ কামাল উদ্দীন আহমদকে চেয়ারম্যান ও মুহাম্মদ তৌহিদুল আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।