'সমাজের করুণা নয়, প্রতিযোগী হতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সমাজে যা কিছু সুন্দর ও আলোকিত, তার সঙ্গে থাকতে চাই। সমাজের করুণা না হয়ে প্রতিটি স্তরে প্রতিযোগী হতে চাই।’ এভাবেই নিজেদের আকাঙ্ক্ষার কথা উচ্চারণ করলেন বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি দৃষ্টিপ্রতিবন্ধী মো. মোশাররফ হোসেন।
১৫ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলার জাফতনগর লতিফুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী শিল্পপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোশাররফ হোসেন। মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম চৌধুরী। দৃষ্টিপ্রতিবন্ধীদের সাহায্যার্থে দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সমিতি এ মেলার আয়োজন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের নেতা মাহমদু হাসান প্রমুখ।
মেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের একটিসহ বিভিন্ন লোকজ শিল্পপণ্যের ৩০টি স্টল, নাগরদোলা, আলোকচিত্র, খেলাধুলা, মৃত্যুকূপ ও সার্কাস প্রদর্শনী রয়েছে। প্রতিদিন বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত মেলা চলাকালে রয়েছে লাকি কুপন বিক্রি ও র‌্যাফেল ড্র। লাকি কুপন বিক্রি থেকে পাওয়া অর্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্যার্থে দেওয়া হবে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, নানা প্রান্ত থেকে আসা দৃষ্টিপ্রতিবন্ধী এবং আশপাশের এলাকার বিভিন্ন স্তরের মানুষের আনাগোনা ও কেনাকাটায় মেলা জমে উঠেছে। নাগরদোলা ও সার্কাসের প্রতি অনেকের ঝোঁক দেখা গেছে।
রোসাংগিরি গ্রামের প্রতিবন্ধী মো. বাপ্পু বলেন, ‘মেলায় অংশ নিয়ে লোকজন আমাদের সহায়তায় যেভাবে এগিয়ে এসেছেন, তা চিরদিন মনে থাকবে।’
রাউজানের হলদিয়া গ্রাম থেকে আসা আমান উল্লাহ বলেন, ‘মেলায় এসে বেশ আনন্দ লাগছে। তবে আরও ভালো লাগছে এখানে লাকি কুপন কিনে দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা করতে পেরে।’