'সমাজের জন্য কিছু করতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন সুলতানা
শারমিন সুলতানা

এই কিছুদিন আগে, আমার বন্ধুর বড় বোন খুব অসুস্থ ছিলেন। ডাক্তার আমাদের জানালেন, তাঁকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন। কিন্তু কোথাও তাঁর গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছিল না। মুহূর্তেই মনে হলো, আমিই দিই না কেন! আমার জন্য একটা মানুষের প্রাণ বাঁচবে। রক্ত দিলাম। পরে এত ভালো লাগল! এ রকম ভালো কাজ করলে আমার সব সময়ই খুব ভালো লাগে।’ কথাগুলো বলছিলেন শারমিন সুলতানা। বাবা-মা আদর করে তাঁকে সেতু নামেই ডাকেন। যেখানেই কারও বিপদ দেখেন, শারমিন সেখানেই দৌড়ে যান। আশপাশের লোকজনেরও তাঁর ওপর ভরসা অনেক। তাঁর চরিত্রের এই দিকটি অনেকাংশেই মিলে যাচ্ছে আমাদের প্রিয় কার্টুন চরিত্র মীনার সঙ্গে। শুধু এটুকুতেই থেমে থাকেনি। মীনার বয়সের সঙ্গেও যে শারমিনের আশ্চর্য মিল! এ বছর শারমিনের বয়স হলো ২১ বছর।২৪ সেপ্টেম্বর মীনা দিবস উপলক্ষে মীনাকে নিয়ে শারমিনের ভাবনা জানতেই ২১ সেপ্টেম্বর হাজির হয়েছিলাম তাঁর কলেজে। শারমিন সুলতানা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আর্কিটেকচার বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন। জিজ্ঞেস করলাম, মীনা কার্টুনটি দেখা শুরু করলেন কবে থেকে?চটপট উত্তর দিলেন, ‘১৯৯৯ সাল থেকে। এর আগেও হয়তো দেখেছি। কিন্তু সেসব মনে নেই। নিয়মিত দেখতে শুরু করি তখন থেকেই। সে সময় বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন বিকেলে দেখাত মীনা কার্টুন। মনে পড়ে, স্কুল থেকে বাড়ি ফিরেই অপেক্ষা করতাম, কখন বিকেল হবে, কখন শুরু হবে মীনা!’তারপর খানিকটা ভেবে বলেন, ‘জানেন, মীনার প্রতিটা পর্ব একটা সময় পর্যন্ত আমার মুখস্থ ছিল।’
কোন পর্বগুলো বেশি ভালো লেগেছিল?
একটু চিন্তা করেন শারমিন। তারপর বলেন, ‘মুরগিগুলো গুণে রাখ’, ‘যৌতুক বন্ধ কর’সহ অনেকগুলোই বেশ প্রিয়। আসলে মীনার সঙ্গে নিজের খুব মিল ছিল। আমরা দুই ভাইবোন। আমার চেয়ে পাঁচ বছরের ছোট আমার ভাই। মাকে প্রায়ই দেখতাম, ভাইকে একটু বেশি খাবার দিচ্ছে। তারপর মনে হতো, আমারও তো মীনার মতো বলা উচিত, মেয়েদের ছেলেদের সমান পুষ্টিকর খাবার দিতে হবে।’
মীনার আর কোন বিষয়গুলো আপনার ভালো লাগত?
মীনা খুব বুদ্ধিমতী। যেকোনো অন্যায়ের প্রতিবাদ করে। নিজের মতামতটা অন্যকে বোঝাতে পারে। সমাজের সবার বিপদে এগিয়ে যায়—মীনা চরিত্রের এই বৈশিষ্ট্যগুলো বেশ আকৃষ্ট করেছিল আমাকে। ভালো কাজ করার উৎসাহ পেয়েছি মীনার কাছ থেকে। আমার কাজের প্রেরণা মীনার কাছ থেকে পাওয়া।’

যখনই যে পর্ব দেখতেন শারমিন, তার পরই সেটি নিয়ে ভাবতেন সারাক্ষণ। যৌতুকের পর্বটি দেখার পর তো এ রকম হয়েছে, যেখানেই দেখেছেন যৌতুক দেওয়া-নেওয়া হচ্ছে, তিনি বাধা দিয়েছেন। বড়দের বলেছেন, ‘আপনারা এত বড় মানুষ, বোঝেন না যে যৌতুক সমাজের জন্য অভিশাপ। মীনা কার্টুন দেখবেন। তাহলে যৌতুক যে খারাপ, সেটা জানতে পারবেন।’

শারমিনের ছোট্ট একটা কষ্ট রয়েছে মনে। সেটি হচ্ছে আগের মতো নিয়মিত দেখানো হয় না কার্টুনটি। তাঁর প্রিয় চরিত্রকে তিনি নিয়মিত টিভির পর্দায় দেখতে চান। তারপর যেন কিছু একটা মনে পড়েছে, এমন ভঙ্গিতে বলেন, ‘অনেকের জীবনেই অনেক বড় বড় মনীষীর দৃষ্টান্ত হাজির হয়। কিন্তু আমার হয়েছে তার উল্টো। মীনার মধ্যে আমি অনুসরণ করার মতো এত কিছু পেয়েছি যে, আমি এখনো মীনার প্রতি আকর্ষণ বোধ করি। এখনো যদি কখনো মীনা কার্টুন শুরু হয়, আমি দৌড়ে যাই টিভি দেখতে।’

শারমিনের পরিবারও অন্য আট-দশটা পরিবারের মতোই ভাবে মেয়েদের। তা দেখে দেখে ও ভাবত, মেয়েরা হয়তো তেমন কিছুই করতে পারে না। ধীরে ধীরে মীনাই শিখিয়েছে যে মেয়েরাও সুযোগ পেলে অনেক ভালো কাজ করতে পারে। মেয়েদেরও অধিকার আছে সমাজে ভালোভাবে বেঁচে থাকার।

শারমিনের চোখেও এখন মীনার মতোই হাজার স্বপ্ন। তিনি বলেন, ‘আমি হয়তো পাস করে একটা চাকরি করব। কিন্তু আমার স্বপ্ন শুধু এতটুকুই না। আমিও মীনার মতো সমাজের জন্য কিছু করতে চাই। আমি মনে করি, মীনা আমার সমাজেরই একটা সত্যিকারের চরিত্র, যে মেয়েশিশুর অধিকার ও সমাজের আর দশটা অসংগতি নিয়ে ভাবে।’

মীনা তিনটি ইচ্ছাপূরণের সুযোগ পেয়েছিল। আপনি তো মীনার অনুসারী। আপনার মনে কি এমন কোনো ইচ্ছা আছে? প্রশ্ন শুনেই শিশুসুলভ হাসি হাসেন শারমিন। তারপর বেণি দুলিয়ে জবাব দেন, ‘আমার যদি মীনার মতো একটা দৈত্য থাকত, তাহলে আমিও আমার তিনটি ইচ্ছা পূরণ করে নিতাম। এক. আর যেন কোনো মেয়ে ইভ টিজিংয়ের শিকার না হয়। দুই. দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাক আর তিন নম্বর হচ্ছে, সবাই যেন সুখে জীবনযাপন করে।’

ইচ্ছাপূরণের দৈত্য নিয়ে শারমিনের মনে সংশয় থাকলেও স্বপ্নগুলো নিয়ে কোনো সংশয় নেই। যত কঠিনই হোক, স্বপ্নগুলো পূরণ করবেনই, নিজের অভিব্যক্তি দিয়ে সে কথাই জানিয়ে দেন তিনি।