সমাজের সব স্তরের মানুষকে সবুজ রক্ষায় সোচ্চার হতে হবে। সহব্যবস্থাপনার মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রকৃতি রক্ষার আন্দোলন বিকশিত করে জলবায়ু পরিবর্তনের অভিঘাতসহ সব প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করতে হবে।
বিশ্ব বন দিবস উপলক্ষে গত সোমবার কক্সবাজারের চেইন্দা বন বিট কার্যালয় প্রাঙ্গণে অনুিষ্ঠত সভায় বক্তারা এ কথা বলেন। সভায় স্থানীয় লোকজন জলবায়ু পরিবর্তনের অভিঘাতসহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, বন রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখার অঙ্গীকার করেন।
কক্সবাজার বন বিভাগ ও ইউএসএইডের ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) এই কর্মসূচির আয়োজন করে। এবারের স্লোগান ছিল ‘করলে রক্ষা সবুজ বন, থাকবে পানি বাঁচবে জীবন’।
হিমছড়ি জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আলী কবীর, কক্সবাজার (উত্তর) বন বিভাগীয় কর্মকর্তা কেরামত আলী মল্লিক ও ক্রেল প্রকল্পের পিফ অব পার্টি জন এ ডর।
বক্তব্য দেন ক্রেলের উপদেষ্টা আবু মোস্তফা কামাল, সহকারী বন সংরক্ষক দেওয়ান আবদুল হাই, ক্রেলের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়কারী শফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা বিশ্বজিত সেন, লিংকরোড মহিলা বন পাহারা দলের সভাপতি কুলসুমা আক্তার, রওশন আলী উচ্চবিদ্যালয়ের ছাত্র গিয়াস উদ্দিন প্রমুখ।
সভার আগে চেইন্দা এলাকায় শোভাযাত্রা বেরা করা হয়।