'সমুদ্র অর্থনীতির সুফল ঘরে তুলতে দরকার দক্ষ জনশক্তি'
‘দেশের সমুদ্রসীমা বিজয়ের সুফল কাজে লাগাতে ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতির উন্নয়নে জোর দিচ্ছে বর্তমান সরকার। এই সমুদ্র অর্থনীতির সুফল ঘরে তুলতে দরকার দক্ষ জনশক্তি। এ ক্ষেত্রে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধিদল ১৪ জানুয়ারি কক্সবাজার শহরতলির দরিয়ানগরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার ক্যাম্পাসের ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ, বায়োডাইভারসিটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন পরিদর্শনকালে এ কথা বলেন। প্রতিনিধিদলের প্রধান ছিলেন কমিশনের জ্যেষ্ঠ সদস্য এম শাহনেওয়াজ আলী। প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক মো. আখতার হোসেন, মোহাম্মদ খালেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের অধ্যাপক মো. রাশেদ-উন-নবী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান।
নবনির্মিত এই ক্যাম্পাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা কক্সবাজার ক্যাম্পাসে স্থাপিত কাঁকড়া গবেষণাগারসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
ক্যাম্পাস পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ, ফিশারিজ অনুষদের ডিন নুরুল আবছার খান উপস্থিত ছিলেন।