‘সমুদ্র’ নিয়ে লেখাপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই নয়নের ইচ্ছা ছিল একটু ব্যতিক্রমী বিষয় নিয়ে পড়ালেখার। ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, বিবিএ—এ রকম প্রচলিত বিষয় নয়, বরং একটু গবেষণাধর্মী, যে গবেষণা উপকারে আসবে মানুষের। সে চিন্তা থেকেই তাঁর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সে পড়তে আসা। এখন তিনি পড়ছেন চতুর্থ বর্ষে। সমুদ্রের অপার মৎস্যসম্পদ নিয়ে গবেষণার বিদ্যাটা এখন বেশ উপভোগ করছেন।মেরিন সায়েন্স কীআমাদের যে সামুদ্রিক জৈবিক সম্পদ রয়েছে, তার সঠিক রক্ষণাবেক্ষণ, বাঁচিয়ে রাখা ও আহরণ-সংক্রান্ত বিদ্যা হচ্ছে মেরিন সায়েন্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম খান বলেন, ‘আমাদের সমুদ্রে যে বিশাল মৎস্যসম্পদ রয়েছে, তা আহরণ করা, এদের বংশবৃদ্ধিতে কোনোরূপ বাধা প্রদান না করে কৃত্রিমভাবে তাদের বাঁচিয়ে রাখা, জনসাধারণের আয়ত্তের মধ্যে নিয়ে আসা—সর্বোপরি আমাদের নিজস্ব মৎস্যসম্পদকে বাঁচিয়ে ও টিকিয়ে রাখতে মেরিন সায়েন্স বিদ্যাটি জরুরি। আমাদের বাঙালি ঐহিত্যের ইলিশ মাছ এখন জনসাধারণের বা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে, এ মাছ রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে। তাই ইলিশের মতো আমাদের মৎস্যসম্পদের পোনা সংগ্রহ, রক্ষণাবেক্ষণ ও আহরণের মাধ্যমে আমাদের মাছে-ভাতে বাঙালিয়ানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। পাশাপাশি দেশের সীমানা পেরিয়ে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারি। দেশের সম্পদ আহরণের জন্য মেরিন সায়েন্স নিয়ে পড়তে পারেন অনেকেই।’ কোথায় পড়বেনমেরিন সায়েন্স নিয়ে পড়তে পারেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজে। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়েও এ বিষয়টি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। পড়ার যোগ্যতামেরিন সায়েন্স নিয়ে পড়তে হলে আপনাকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান শাখা হতে হবে এবং গণিত ও জীববিজ্ঞান বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ছ’ ইউনিটে এর জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি, জীববিজ্ঞান, বাংলা, সাধারণ জ্ঞানসহ আটটি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম চারটি বিষয়ে ১০ নম্বরে সর্বনিম্ন ৪ পেতে হবে। আসনসংখ্যা ৪০। মেধার ভিত্তিতে প্রথম ৪০ জন এ বিষয়ে ভর্তি হতে পারবেন।বিষয়বৈচিত্র্য ও সিলেবাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্সে চার বছরের অনার্স কার্যক্রম ও পরিবেশদূষণ, মৎস্য ব্যবস্থাপনা, অ্যাকুয়াকালচার, নিউট্রিশন অ্যান্ড ফিড টেকনোলজিসহ পাঁচটি বিষয়ে মাস্টার্স কার্যক্রম রয়েছে। চার বছরের অনার্সে পড়ানো হয় ১৬০ ক্রেডিট ও এক বছরের মাস্টার্সে ১৬ ক্রেডিট। মেরিন ইনভার্টিব্রেস, মেরিন ইকোলজি, অ্যাকুয়াকালচার প্ল্যানিং, ফিজিক্যাল ওশানোগ্রাফি, কেমিক্যাল ওশানোগ্রাফি, ফিশারিজ রিসোর্স, ফিশারিজ ম্যানেজমেন্টসহ গণিত, কম্পিউটার সায়েন্স-সম্পর্কিত অর্থনীতি—এ বিষয়গুলো পড়ানো হয় মেরিন সায়েন্সে। বিদেশে পড়ার সুযোগএ বিষয়ে রয়েছে বিদেশে উচ্চশিক্ষার সুযোগও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ বিভাগ থেকে যাঁরা ভালো ফল করেন, তাঁরা সরাসরি বৃত্তি নিয়ে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ও নরওয়ের ট্রমসু ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পান। পাশাপাশি ভিয়েতনাম, সুইডেন ও যুক্তরাজ্যে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।চাকরির সুযোগদেশের সম্পদ আহরণের গুরুদায়িত্বটা কাঁধে নিয়ে এ বিষয়ে যাঁরা পড়ালেখা শেষ করেছেন, তাঁদের জন্য রয়েছে ভালো চাকরির সুযোগ। মৎস্য বিভাগ ছাড়াও পরিবেশ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর ফাওয়ের (FAO) ফিশারিজ শাখা, ইউএনডিপির প্রজেক্টে রয়েছে চাকরির সুযোগ, আর বিসিএস তো আছেই। শুধু তাই নয়, ছাত্র অবস্থায়ই বিভিন্ন প্রজেক্টে কাজ করে অর্থ উপার্জনের সুবিধা রয়েছে।