
হাতে না ছিটিয়ে যন্ত্রের মাধ্যমে ধানগাছে ইউরিয়া সার সেপ্র করার পদ্ধতি উদ্ভাবন করেছেন রাজশাহীর কৃষি কর্মকর্তা আরিফ হোসেন। এর ফলে জমিতে ইউরিয়ার ব্যবহার প্রায় অর্ধেক কমে যাবে। পাশাপাশি বাড়বে ধানের উৎপাদন
ধান চাষে ইউরিয়া সেপ্র নিয়ে মাঠপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে?
রাজশাহীর তানোর উপজেলার কৃষক লতিফুর রহমান দুই বিঘা জমিতে (আমন) এই পদ্ধতি ব্যবহার করেছেন। এতে তাঁর সার লেগেছে অনেক কম। আগে যেখানে লাগত ৩০ কেজি ইউরিয়া, এ পদ্ধতি অনুসরণ করায় সেখানে ইউরিয়া লেগেছে ২০ কেজি। এ ছাড়া প্রতি বিঘায় দেড় থেকে দুই মণ ধান বেশি পেয়েছেন তিনি। নাটোর, পাবনা, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে পরীক্ষা চালিয়েও সাফল্য পেয়েছেন অনেকে।
শুধু পানির সঙ্গে ইউরিয়া মিশিয়ে ছিটালেই চলে?
না, আরেকটি সার মেশাতে হয়। তবে পদ্ধতিটা এখনই বলতে চাইছি না। আমি চাই সরকারের মাধ্যমে চাষিরা এটা জানুক। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা থাকবে না।
উদ্ভাবনটির জাতীয় গুরুত্ব...
ওই যে বললাম, একজন কৃষকের দুই বিঘায় গড়ে ১০ কেজি ইউরিয়া কম লাগছে। সারা দেশে পদ্ধতিটি প্রয়োগ করলে বছরে কয়েক লাখ টন সার বেঁচে যাবে। পাশাপাশি ধানের উৎপাদনও বাড়বে কয়েক লাখ টন।
আপনার আরও কোনো উদ্ভাবন আছে?
তরল সারের কথা শুনেছেন নিশ্চয়। এটা সাধারণত সবজি ও ফলমূলে দেওয়া হয়। তরল সার আনতে হয় বিদেশ থেকে। আমি ‘ম্যাজিক গ্রোথ’ নামে একধরনের তরল সার তৈরি করেছি। এ সার লবণাক্ত মাটি ও খরাপ্রবণ অঞ্চলে ধান চাষে সহায়ক এবং ফসলকে কোল্ড ইনজুরি থেকে রক্ষা করতে সক্ষম। সরকার এখন এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
নিজের সম্পর্কে বলুন...
আমার বাড়ি সিরাজগঞ্জ। পড়াশোনা করেছি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। ১৯৯০ সালে ঢুকেছি চাকরিতে। এখন রাজশাহী বিএডিসির বিভাগীয় যুগ্ম পরিচালক (বীজ বিপণন) হিসেবে দায়িত্ব পালন করছি। সার নিয়ে এই গবেষণা আমার বাড়তি কাজ। নিজের আগ্রহে, অনেকটা শখের বশে করি কাজটা।
ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?
আমার উদ্ভাবিত প্রযুক্তিগুলো সরকার কৃষক পর্যায়ে ছড়িয়ে দিলেই আমি খুশি।
সাক্ষাৎকার: আবুল হাসনাত
ছবি: শহীদুল ইসলাম