‘সরকার দুর্যোগের ঝুঁকি প্রশমনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে’
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, সরকার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি প্রশমনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্যোগের ঝুঁকি প্রশমন এবং দুর্যোগ -পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিকম্প- পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। আরও দেড় শ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আরও ন ৯০০ সাইক্লোন শেল্টার নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।মন্ত্রী ২৪ মে বৃহস্পতিবার দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ‘দুর্যোগ ঝুঁকি প্রশমন: আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা করব জয় ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। দিনব্যাপী এ সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্বশীল নেতারা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।আমরা করব জয়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যবস্থাপক তপন কুমার দাশ।মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ওবায়দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের (আইবিএফবি) প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। সেমিনারে মুক্ত আলোচনায় দুর্যোগ ঝুঁকি ছাড়াও পরিবেশ সংরক্ষণ এবং খাদ্যে ভেজাল মেশানোর বিষয়ও আলোচনায় উঠে আসে।সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যক্ষ হাসিনা জাকারিয়া, বেলা ইসলাম, অধ্যাপক অলক পাল, আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমদ, সাংবাদিক এম নাসিরুল হক, কবি ও সাংবাদিক ওমর কায়সার, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ইউএনডিপির সাবেক কর্মকর্তা রেজাউল করিম খান, নৌবাহিনীর ক্যাপ্টেন শেখ আরিফ মাহমুদ প্রমুখ।