'সরকার পার্বত্যচুক্তি বাস্তবায়নে আগ্রহী নয়'
অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদের সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়ে সরকার বোঝাতে চাইছে, তারা পার্বত্যচুক্তি বাস্তবায়নে আগ্রহী নয়। সেই জন্য সরকারের কার্যতালিকার মধ্যেও চুক্তির বিষয়টি নেই। এ অবস্থায় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
রাঙামাটিতে ১ এপ্রিল আয়োজিত নাগরিক কমিটির বার্ষিক সম্মেলনে তিন পার্বত্য জেলার নেতরা এ কথা বলেন। জেলা শহরের রাজবাড়ি এলাকার সিআইপিডি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এতে আরও বক্তব্য দেন পার্বত্যবিষয়ক বিশ্লেষক মংসানু মারমা, প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাবেক অতিরিক্ত সচিব উক্যজাই মারমা, রাঙামাটি বার অ্যাসোসিয়েশনের সভাপতি দীননাথ তঞ্চঙ্গ্যা, বম সামাজিক কাউন্সিলের সাবেক সভাপতি জুয়ামলিয়ান আমলাই, নারীনেত্রী শাপলা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সদস্য সুজিত দেওয়ান প্রমুখ।
নাগরিক কমিটির নেতারা বলেন, পার্বত্যচুক্তি বাস্তবায়ন করলে অন্তর্বর্তীকালীন জেলা পরিষদের সদস্যসংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু সরকার চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয় বলে পার্বত্যচুক্তি ভঙ্গ করে ও জেলা পরিষদ আইন লঙ্ঘন করে সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
সম্মেলনে পার্বত্যচুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে নাগরিক কমিটি ১৬ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।