আজ শুরু হচ্ছে আবাসন মেলা। বিভিন্ন বিষয়ে রিহ্যাব মেলা কমিটির আহ্বায়ক আবু সুফিয়ানের সঙ্গে কথা বলেছেন নিজাম সিদ্দিকীপ্রথম আলো: রিহ্যাব মেলা আয়োজনের লক্ষ্য কী?আবু সুফিয়ান: নির্মাতা, ক্রেতা ও ভোক্তাদের একই ছাদের নিচে নিয়ে আসা আমাদের লক্ষ্য। অনেক প্রতিষ্ঠানের মধ্য থেকে ক্রেতারা যাতে পছন্দসই প্রতিষ্ঠান নির্বাচনের সুযোগ পান। প্রথম আলো: অভিযোগ রয়েছে, কিছু প্রতিষ্ঠান এমন প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়, যার কোনো বাস্তব ভিত্তি নেই।আবু সুফিয়ান: এবার মেলায় শুধু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রি এবং প্রদর্শন করা যাবে। মেলায় নিয়মিতভাবে এ বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি ভ্রাম্যমাণ দল থাকবে।প্রথম আলো: নিজেদের মালিকানায় জমি না থাকা সত্ত্বেও কিছু প্রতিষ্ঠান পত্রিকায় প্লট বিক্রির ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে বলে অভিযোগ আছে।আবু সুফিয়ান: আমাদের নিজস্ব অভিযোগকেন্দ্র রয়েছে। সেখানে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর নিয়ন্ত্রণ সেল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। চট্টগ্রামে রিহ্যাবের ৫৭ সদস্যের বাইরে কেউ যদি এ ধরনের আচরণ করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায় থাকে না। প্রথম আলো: ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে কিছু বলবেন?আবু সুফিয়ান: দেখুন আমরা কারও কাছ থেকে জায়গা বুঝে নেওয়ার পর দু-তিন বছর সময় নিই। আর এ সময়ের মধ্যে আমাদের রড, সিমেন্ট, বালু প্রভৃতি গৃহনির্মাণসামগ্রীসহ ২০০টি ক্ষেত্রে সমন্বয় সাধন করতে হয়। সবশেষে থাকে পানি, বিদ্যুৎ, গ্যাসসংযোগের বিষয়। আর এ ব্যাপারগুলো যেহেতু আমাদের নিয়ন্ত্রণে থাকে না ফলে ইচ্ছে থাকলেও সময়মতো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দিতে বেগ পেতে হয়। প্রথম আলো: আপনারা নগরবাসীর আবাসন চাহিদার কতটুকু পূরণ করতে পারেন?আবু সুফিয়ান: চট্টগ্রামে আমাদের সদস্যদের মাধ্যমে প্রায় ৫০০ অ্যাপার্টমেন্ট তৈরি হয় প্রতিবছর। সে হিসেবে আমরা নগরের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষের চাহিদা মেটাতে পারছি। প্রথম আলো: অভিযোগ রয়েছে, আপনাদের বেশির ভাগ অ্যাপার্টমেন্টে অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা নেই। আবার এগুলোর সব কয়টি পরিবেশবান্ধবও নয়। আবু সুফিয়ান: এগুলো পুরোনো ভবনের বেলায় সত্য হলেও বর্তমানে আমরা এসব ব্যাপারে যথেষ্ট মনোযোগী। তা ছাড়া আবাসন নীতিমালা অনুযায়ী কেউ এসব নিয়ম না মানলে জেল, জরিমানারও বিধান রয়েছে। কাজেই এখন এসব বিষয় এড়িয়ে চলার সুযোগ নেই।