'সহিংসতা প্রতিরোধে নারীদের নিজেদেরও সক্ষম হতে হবে'
বর্তমান সময়ে নারীরা ঘরে বসে নেই। তাঁরাও পুরুষের পাশাপাশি সমাজের উন্নয়নে সমানভাবে অংশ নিচ্ছেন। কাজ করতে গিয়ে প্রতিদিনই কোনো–না–কোনো সহিংসতার স্বীকার হচ্ছেন নারী। সহিংসতা প্রতিরোধে নারীদের নিজেদেরও সক্ষম হতে হবে। এ জন্য আত্মরক্ষার কৌশল জানা জরুরি।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে খাগড়াছড়িতে ১৫ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ উপলক্ষে ১৮ অক্টোবর খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার। প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্মল কান্তি চাকমা। উপস্থিত ছিলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা বিটার প্রকল্প পরিচালক অশোক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য আজহার আলী। তিনি বলেন, কারাতে মানুষকে আত্মরক্ষায় আত্মবিশ্বাসী করে তোলে। নারী ও শিশুদের সহিংসতা প্রতিরোধে কারাতে শিক্ষার বিকল্প নেই।
উল্লেখ্য, ইউএনডিপির প্রকল্পের আওতায় ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় ৪ অক্টোবর। খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের ২০ জন ছাত্রী এতে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ দেন আজাহার আলী।