
অ্যাডভেঞ্চার তাঁর নেশা। ফুরসত পেলেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। ঘোরার চেয়ে সাঁতারই বেশি পছন্দের। ফি-বছর একবার বাংলা চ্যানেল পাড়ি দেন। আটবার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া প্রথম সাঁতারু তিনিই। ভবিষ্যতে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছেন
বাংলা চ্যানেল কোনটা?
কক্সবাজারের টেকনাফের ফিশারিজ জেটি থেকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি পর্যন্ত ১৬ কিলোমিটার সমুদ্রপথকে বাংলা চ্যানেল বলে। এর আবিষ্কারক প্রখ্যাত আলোকচিত্রী ও স্কুবা ডাইভার কাজী হামিদুল হক।
এই শীতে সাঁতার কাটতে কেমন লাগল?
পুকুরের পানির মতো সাগরের পানি অত ঠান্ডা নয়। তাই খুব একটা সমস্যা হয়নি। পাঁচ ঘণ্টা ২০ মিনিটে সাঁতার শেষ করেছি।
শুরুটা কবে করেছিলেন?
২০০৬ সালে। ওই বছরের ১৪ জানুয়ারি প্রথম বাংলা চ্যানেল পাড়ি দিই। এরপর থেকে প্রতিবছর একবার করে পাড়ি দিয়ে আসছি। সর্বশেষ পাড়ি দিয়েছি ১৮ ডিসেম্বর।
আর কোথাও সাঁতারের অভিজ্ঞতা আছে?
পদ্মায় সাঁতরেছিলাম একবার। তাও ২০০৬ সালের এপ্রিলে। আর সপ্তাহে দু-তিনবার পুকুর বা সুইমিংপুলে নামি।
ছোটবেলায় সাঁতার শিখেছেন কোথায়?
আমার বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলার গবাই গ্রামে। বাড়ির পাশেই ছিল পুকুর। সাত-আট বছর বয়সে সাঁতার শিখি।
সাঁতারের নেশা কেন?
মানুষের বহু রকম শখ থাকে, নেশা থাকে। আমার নেশা সাঁতার কাটা। সাঁতরালে শরীর, মন দুই-ই সুস্থ থাকে।
আর কোনো উদ্দেশ্য?
আমাদের নদীমাতৃক দেশ। সাঁতার না জানার কারণে প্রতিবছর অনেক শিশু পুকুর ও নদীতে ডুবে মারা যায়। আমি এই বার্তা সবার কাছে পাঠাতে চাই, সাঁতার শিখলে জীবনটা বাঁচতে পারে।
নিজের সম্পর্কে বলুন...
হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। নিজের একটা ইন্টেরিয়র ফার্ম আছে, নাম—ষড়জ। মুসা ইব্রাহীমের সঙ্গে মিলে এভারেস্ট একাডেমি গড়েছিলাম। এখনো সেখানে আছি।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
২০১৪ সালের আগস্টের দিকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। এতে সফল হলে সেভেন সামিটে যাব। ইংলিশ চ্যানেলের মতো এ রকম আরও ছয়টা চ্যানেল আছে। আর লালমনিরহাটের তিস্তা ব্যারেজ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতার কাটার ইচ্ছা আছে।
সাক্ষাৎকার: আবুল হাসনাত