'সাংবাদিক-টাংবাদিককে তো ভাড়া দিই না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকে কইছে, ‘পুলিশ-উকিলকে বাড়ি ভাড়া না দিতে।’ কথাটা হাসিমুখেই বললেন কেয়ারটেকার মনির (ছদ্মনাম)। তাঁকে প্রশ্ন করলাম, এই তালিকায় কি সাংবাদিকও আছে? তাঁর উত্তর, ‘সব মানুষ তো সমান অয় না, মালিককে জিগাইতে অইব।’

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে একটি হাউজিং সোসাইটিতে বাসা ভাড়া খুঁজতে গিয়ে কথা হয় কেয়ারটেকার মনিরের সঙ্গে। ‘ভাড়া হবে’ সাইন বোর্ড দেখে কিছুটা ভেজানো গেট ঠেলে ভবনটির ভেতরে ঢুকেছিলাম। ঢুকেই মনিরের সঙ্গে দেখা। নিচতলায় ভাড়া হবে জানিয়ে আমাকে ভেতরে নিয়ে গিয়ে চার কক্ষের বাড়িটি ঘুরিয়ে দেখালেন। সঙ্গে বাড়ির গুণাগুণ, সঙ্গে কেয়ারটেকার হিসেবে নিজের ‘দক্ষতার’ কথাও জানাতে ভুললেন না। বাসা দেখে বের হয়ে মোটামুটি পছন্দ হয়েছে জানালে, হাসতে হাসতে মনির বললেন, ‘মালিকে কইছে, পুলিশ-উকিলকে বাড়ি ভাড়া না দিতে।’ 
মনিরের কথার পরিপ্রেক্ষিতে আমি সাংবাদিক প্রসঙ্গ তুললাম, কারণ আমি একটি পত্রিকায় সাংবাদিকতা করি। মনিরের দায়িত্বে থাকা এই বাসাটি দেখার আগের দিনই বাসা খুঁজতে গিয়ে আমাকে হাউজিং সোসাইটিরই আরেক ভবনের ‘ম্যানেজার’ নাসিরের কাছে ফোনে শুনতে হয়েছে, ‘সাংবাদিক-টাংবাদিককে তো ভাড়া দিই না। মালিক নিষেধ করেছে।’
পরে আমি কয়েকটি বাড়ির কয়েকজন কেয়ারটেকারের সঙ্গে কথা বলে জানলাম, কেন মালিকেরা সাংবাদিক, উকিল ও পুলিশকে ভাড়া দিতে চান না। কেয়ারটেকারদের ভাষ্য, ওরা ‘সাংবাদিক’ নন ‘সাংঘাতিক’! তাঁদের বাসায় আসা-যাওয়ার টাইমের ঠিক নেই। আবার নানা বিষয়ে ঝামেলা করেন। উকিলেরা আইনের ‘মারপ্যাঁচ’ মারেন। আর পুলিশেরা গায়ের জোর দেখান! অভিযোগগুলো কেউ কেউ অবশ্য বাড়ির মালিকের বরাত দিয়ে বললেন। কেয়ারটেকারদের সব অভিযোগ হয়তো সত্য নয়। তবে সাংবাদিকদের নিয়ে একটা অভিযোগ বোধ হয় খুব সত্য—‘বাসায় আসা-যাওয়ার টাইমের ঠিক নেই’। পেশাগত কারণেই এমনটা করতে বাধ্য হন তাঁরা। কারণ, রিপোর্টারদের অ্যাসাইনমেন্ট থাকে বিভিন্ন দিন বিভিন্ন সময়। আর নিউজরুমে যাঁরা দায়িত্ব পালন করেন, শিফট ইন ডিউটি হওয়ায় কখনো সকাল আটটায় কখনো বেলা তিনটায়, কখনো বা রাত ১২টায় দায়িত্ব পালন করতে হয় তাঁদের। 
কিন্তু কথা হলো সব পেশাতেই তো ভালো-মন্দ মানুষ আছে। যাদের নৈতিকতা নেই, দেশপ্রেম নেই, তারা তো যেকোনো পেশায় থাকুন; দুর্নীতি, ধাপ্পাবাজি বা অনৈতিকভাবে ভয়ভীতি দেখাবেনই। মন্দ মানুষ যে শুধু সাংবাদিক, উকিল বা পুলিশের মধ্যে আছেন, তা তো নয়! তাই বলে পেশার কারণে একজন মানুষ বাসা ভাড়া পাবেন না? 
রাজধানীর সব বাড়ির মালিক অবশ্য এমন নন। অফিসে আমরা বাসা খোঁজার অভিজ্ঞতা শেয়ার করছিলাম। দুই সহকর্মী বললেন, তাঁরা পত্রিকায় কাজ করেন—এই ‘বাড়তি যোগ্যতার’ কারণেই বাসা ভাড়া পেয়েছেন। দুজনের বাড়ির মালিকই নাকি মজা করে বলেছেন, সাংবাদিকেরা অনেক রাত করে বাড়ি ফেরেন—এতে বাড়ির নিরাপত্তা থাকে! তবে বেশির ভাগ সহকর্মীকে আমার মতো অভিজ্ঞতার মুখে পড়তে হয়। একজন সহকর্মী জানালেন বাড়ির কেয়ারটেকারকে আলাদা করে প্রতি মাসে ৫০০ টাকা করে দিয়ে ‘সমঝোতা’ করে নিয়েছেন তিনি। বাড়ির মালিক ওই বাসায় থাকেন না। সাংবাদিককে বাসা ভাড়া দেওয়া হয়েছে বিষয়টি ‘সমঝোতার’ খাতিরে মালিককে জানাননি ওই কেয়ারটেকার।
এই টানাপোড়েনের ফেরে এখনো সুবিধামতো বাসা খুঁজছি আমি।